Home » ব্রিজ বিতর্ক, শুরু বিজেপি-তৃণমূল তরজা

ব্রিজ বিতর্ক, শুরু বিজেপি-তৃণমূল তরজা

সময় কলকাতা ডেস্কঃ দ্বিতীয়বার ফের উদ্বোধন হতে চলেছে সিঙ্গুরের কামারকুণ্ডু রেল ওভারব্রিজ। রাজ্যে সরকারের পর এবার রেলের তরফে উদ্বোধন করা হবে রেল ওভারব্রিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে শুক্রবার কামারকুন্ডু আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ রেলের পদস্থ আধিকারিকদের।

তার আগে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় দিয়ে মুড়ে দেওয়া হল কামারকুন্ডু উড়ালপুলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। উড়ালপুলের সমস্ত লাইটপোস্টে লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোডিং এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে উড়ালপুলের গায়ে লাগানো হয়েছে একাধিক পোস্টার। রেল ও বিজেপির অনুষ্ঠানের আগের দিন তৃণমূলের এই কার্য কলাপ নিয়ে সরব হয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরকে আক্রমন করেছে রাজ‍্যের শাসক দল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন তিনি বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন। তার মধ্যে কামারকুন্ডু ব্রিজ ছিল একটি অংশ। আর এই ব্রিজকে নিয়েই দীর্ঘদিন ধরে রাজ্য বনাম কেন্দ্রের টানাপোড়েন ও টালবাহানা চলছিল। মূলত হাওড়া বর্ধমান কর্ড লাইনে কামারকুন্ডু রেলগেটে যানজটের কারনে দীর্ঘ দিনের দাবি মেনে ২০১৫ সালের নভেম্বরে ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করে রেল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন এই উড়ালপুল তৈরির ক্ষেত্রে মান্যতা দিয়েছিলেন বলে দাবী নেত্রীর।

রেলের ব্রিজ উদ্বোধন নিয়ে একাধিক বার বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে সিঙ্গুরের মাটি থেকেই গত ৩রা জুন এই ব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এক প্রকার কেন্দ্র সহ রেলওয়ে দপ্তরকে বাদ দিয়েই সিঙ্গুরের বাজেমেলিয়াতে সন্তোসী মাতার মন্দিরে পূজা দিতে এসে ভার্চুয়ালি ব্রিজ উদ্বোধন করেন তিনি। আর তার জেরেই রেল দপ্তর থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তা থেকেই বিতর্কের সৃষ্টি তৈরি হয় রাজ্যজুড়ে। প্রতিবাদে সরব হয় বিজেপি। আর তারপর থেকেই শাসক দল বনাম রাজ্যের বিরোধী দলের মধ্যে তর্কের পাহাড় জমে।

২০২১-এ ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর প্রায় সাত মাস তা চালু না হওয়ায় নিত‍্য ভোগান্তি অব্যহত ছিল সাধারণের। এরপর স্থানীয় গ্ৰামবাসীরা সাবওয়ের দাবিতে সরব হন। সব জটিলতার অবসান ঘটিয়ে উদ্বোধন হয় কামারকুন্ডু উড়ালপুলের। ফের আজ এই ব্রিজের নতুনভাবে উদ্বোধন করতে কামারকুন্ডু আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রিজের উদ্বোধনকে কেন্দ্র করে জেলাসহ রাজ্যে দুই দলের মধ্যে জল্পনা-কল্পনা ও বিতর্কের দানা তুঙ্গে।

 

About Post Author