Home » এবার দক্ষিণবঙ্গে নামবে স্বস্তির বৃষ্টি

এবার দক্ষিণবঙ্গে নামবে স্বস্তির বৃষ্টি

সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহ শেষে বৃষ্টির দেখা মিলল কলকাতায়। বৃহস্পতিবার কয়েক পশলা বৃষ্টিতে সিক্ত হয়েছে তিলোত্তমা। অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতায়। সকালের দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে।

বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির ফলে বেশ অনেকটাই নেমেছে গরমের তীব্রতা। খানিকটা স্বস্তি পেয়েছে হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলার মানুষ। যদিও বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্য রকম পরিবেশ। একনাগাড়ে চলছে বৃষ্টিপাত। আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং সহ বৃষ্টিতে ভিজবে উত্তরের পার্বত্য অঞ্চলগুলিও। এখনো একটানা বেশ কয়েক দিন বৃষ্টি চলবে পাহাড়ে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী ৪৮ ঘন্টায় তুমুল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ায়। দক্ষিণবঙ্গে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির এই খবর শুনে আপাতত খুশি দক্ষিণ বঙ্গবাসী।

About Post Author