সময় কলকাতা ডেস্কঃ ভাটপাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। অভিযোগের তীর জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামীদের দিকে। ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিং জয়লাভ করার পর থেকেই অশান্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় লাগাতার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাটপাড়া। কখনো বিজেপি-তৃণমূল সংঘাত, আবার কখনো তৃণমূল- তৃণমূল সংঘাত । সর্বদাই যেন উত্তাপের আঁচ লেগে রয়েছে ভাটপাড়ার বুকে।
সম্প্রতি, গেরুয়া শিবির ছেড়ে সবুজ শিবিরে প্রত্যাবর্তন হয়েছে জগদ্দল- ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং এর। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সময় যেসকল অর্জুন ঘনিষ্ঠ নেতা-কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করেছিল, তারাও একে একে ফিরে এসেছে সবুজ শিবিরে । স্বভাবতই যে সকল তৃণমূল নেতা অর্জুন সিং এর বিজেপিতে থাকাকালীন বিরোধিতা করেছিল তারা সকলেই অর্জুন সিং এর প্রত্যাবর্তনে পড়েছেন অস্বস্তিতে। দলীয় নির্দেশ কার্যকর করতে সর্বসমক্ষে মেনে নিলেও অন্তরের ক্ষোভ বহু নেতার প্রশমিত হয় নি। ভিতরে ভিতরে একটা বিক্ষোভের চাপা স্রোত রয়ে গিয়েছে।

একদা বঙ্গবাসী দেখেছিল তৃণমূল নেতা মদন মিত্র এবং তৎকালীন বিজেপি নেতা অর্জুন সিং এর প্রকাশ্যে বাকবিতন্ডা। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সবুজ শিবিরে আসেন অর্জুন সিং, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক ,মদন মিত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। একদা যে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিককে দেখা যেত প্রকাশ্যেই অর্জুন সিং এর বিরোধিতা করতে তারাই সেদিন উপস্থিত ছিলেন অর্জুন সিংকে সাদরে আমন্ত্রণ জানাতে। রাজনীতির যোগ বিয়োগ, গুণ ভাগ এর খেলার সমীকরণ মিললেও ,অন্তরের সমীকরণ বহু নেতারই মেলেনি। তারই ফল প্রকাশ ঘটছে ভাটপাড়া জগদ্দলের রাজনীতির ময়দানে।
বৃহস্পতিবার রাতে অর্জুন ঘনিষ্ঠ নেতা ওম প্রকাশ যাদবের বাড়িতে আচমকাই হামলা চলে। ওম প্রকাশ যাদব এর অভিযোগ রাজু তেয়ারি এবং রাজেন তিওয়ারি তাদের দলবল নিয়ে এসে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে এবং হুমকি দেয়। ওম প্রকাশ যাদবের আরও অভিযোগ, যারা তার উপর হামলা চালিয়েছে তারা প্রত্যেকে তৃণমূল কর্মী এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী।

ওম প্রকাশ যাদবের বাড়িতে যারা হামলা চালিয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী এটা মানছেন তৃণমূল নেতা সঞ্জয় সিং। তার মতে অর্জুন সিং এর প্রত্যাবর্তন মানতে পারছেন না অনেক নেতা।অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরবর্তী সময়ে বিজেপি সঙ্গে লড়াই করে ভাটপাড়ার জমিতে তৃণমূলের মাটি ধরে রেখেছিল বহু তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। তৎকালীন সময়ে বহু তৃণমূল নেতা উক্তি করেছিলেন অর্জুন সিংকে যেন আর কোনদিন দলের না নেওয়া হয়। সেই অর্জুন সিং এর প্রত্যাবর্তনের পর দলের নির্দেশ মাথা পেতে মেনে নিলেও অন্তর থেকে কতটা মেনে নিয়েছেন তারা সেটা সময় বলবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী