সময় কলকাতা ডেস্কঃ একটি সংবেদনশীল মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য। এর মাঝেই হাওড়া পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার পদে বসছেন আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠী।

হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপারের পদ থেকে সরানো হল সৌম্য রায়কেও। নতুন পুলিশ সুপারের পদে বসছেন স্বাতী বাঙ্গালিয়া। সৌম্য রায় বদলি হলেন কলকাতা পুলিশের ডিসি (সাউথ ওয়েস্ট) পদে। অন্যদিকে হাওড়া সিটি পুলিশ কমিশনার পদে ছিলেন সি সুধাকরণ। বদলি করে তাঁকে আনা হল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে। শনিবারই একটি বিজ্ঞপ্তি জারি করে এই রদবদল রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়। যদিও, এই বদলকে রুটিন বদল বলেই জানিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, শুক্রবারই হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। শনিবার উলুবেড়িয়ায় জারি করা হয় ১৪৪ ধারা। অন্যদিকে রবিবার সকালে পাঁচলা বাজারের কাছে হালকা উত্তেজনা দেখা দেয়। এদিন বিক্ষোভকারীদের ইটের আঘাতে জখম হন এক পুলিশ কর্মী। পাশাপাশি এখনও পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?