সময় কলকাতা ডেস্কঃ সেনা-জঙ্গির লড়াইয়ে শেষ তিন লস্কর জঙ্গি। তাদের থেকে উদ্ধার হয়েছে দুটি একে -৪৭ রাইফেল সহ একাধিক অস্ত্র।
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার রাত থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনাবাহিনীর। ডাবগাম এলাকায় ঘাপটি মেরে ছিল জঙ্গিরা। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই বিশেষ অভিযান চালায় সেনারা। মৃত তিন জঙ্গির নাম জুনেদ, ফাজিল এবং ইরফান মালিক।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান, এই তিন জঙ্গি স্থানীয় বাসিন্দা। গত ১৩ মে উপত্যকায় খুন হয়েছিল পুলিশ অফিসার রিয়াজ আহমেদ। সেই ঘটনায় জখম হয়েছিল তাঁর সাত বছরের শিশুকন্যাও। সেই ঘটনার মূল অভিযুক্ত ছিল নিহত জঙ্গি জুনেদ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই লাগাতার সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উপত্যকায়। শনিবার সকালেও গুলির লড়াই হয়েছিল। কুলগামের খান্দিপোরা এলাকায় সেনা বাহিনীর গুলিতে নিহত হয় হিজবুল মুজাহিদিনের এক জঙ্গি। তারপরই জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানে বারামুলা থেকে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃত দুই জঙ্গির নাম আহমেদ মীর ও আব্দুল রহমান মীর। দু’জনই বারামুলার এলাকার বাসিন্দা। ধৃত দুই লস্কর জঙ্গির থেকে দু’টি চিনা পিস্তল, ১৮টি তাজা কার্তুজ ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর