Home » আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স

আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এরই মধ্যে এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। সম্প্রতি ইউ এস-এর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র তরফে জানানো হয়েছে, এই ভাইরাস বাতাসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তবে এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম। এছাড়াও মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলেই জানানো হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র প্রধান রোচেল ওয়ালেনস্কি বলেন, ‘মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই ছড়াচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয়, তাঁদের জামাকাপড় থেকেও মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়।‘ তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, মাস্ক পরলে এই রোগ প্রতিরোধ করা যাবে কিনা?

এই প্রশ্নের জবাবে রোচেল ওয়ালেনস্কি বলেন, সরাসরি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই মূলত মাঙ্কিপক্স ভাইরাস ছড়ায়। জানা যাচ্ছে, বহু মানুষের গায়ে লাল লাল দাগ দেখা যাচ্ছে বা যৌনাঙ্গে সমস্যা দেখা দিচ্ছে। পরে তারাই আবার মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়েছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার ‘হু’-এর প্রধান আধানম গেব্রেয়াসিস এই ব্যাপারে একটি টুইট করে জানান, যে ২৯’টি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তারা যেন সমস্ত আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে। পাশাপাশি সংক্রমণ ছড়ানো রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করারও আর্জি জানান তিনি। আগামীদিনে এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য মাঙ্কিপক্স প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগেও আফ্রিকার ৯টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও গত মাসে বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে।

About Post Author