সময় কলকাতা ডেস্ক: এখন লক্ষ্য একটাই, রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে সর্বদল বৈঠকে বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ দলের সদস্যের সঙ্গে বৈঠকের স্বার্থেই দিল্লি পৌঁছেছেন মমতা, এমনটাই ধারণা রাজনৈতিক মহলে। প্রাথমিকভাবে বৈঠকে যোগ দেবেন না বলে বেঁকে বসেছিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। কিন্তু, শেষ পর্যন্ত বরফ গলল। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে থাকা নিয়ে তাঁদের মত জানিয়ে দিল বামেরা। দলের পক্ষ থেকে এই বৈঠকে থাকবেন কেরালার বর্ষীয়ান সিপিআইএম নেতা ও সাংসদ ইলামারাম করিম। সিপিআই-এর তরফে থাকবেন সাংসদ বিনয় বিশ্বম।
এদিকে, মঙ্গলবার দিল্লি পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় যান এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে। ট্যুইট করে সেকথা জানিয়েছেন শরদ পাওয়ার। সূত্রের খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছিল বিরোধী শিবির। কিন্তু, নির্বাচনে শরদ পাওয়ার সরে দাঁড়ান। তাঁকে রাজি করতেই হয়তো দিল্লি নেমেই তড়িঘড়ি তার সঙ্গে দেখা করেন মমতা, এমনটাই অনুমান রাজনৈতিক মহলের। বৈঠকে আমন্ত্রণের তালিকায় সবথেকে বড় চমক হল সোনিয়া গান্ধী। তবে তিনি বর্তমানে অসুস্থ থাকায় উপস্থিত হবেন না বলেই খবর। কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২১ জুলাই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি