Home » পথশ্রী প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ

পথশ্রী প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীর উদ্ধোধন করা পথশ্রী প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে সরগরম সোনারপুর। খাতায় কলমে কাজ দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যেই ঘটনাটির খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

জানা গিয়েছে,সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেন রোড পর্যন্ত ২৪৩০ স্কোয়ার মিটার রাস্তার বরাত দেওয়া হয়। ধার্য করা হয় ৩০ লক্ষ টাকা। রাস্তার কাজ শুরুর আগে ২০২০ সালের অক্টোবরে তৎকালীন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায় পথশ্রী প্রকল্পের শিলান্যাস করেন। অভিযোগ, পুরো রাস্তাটিই ঝামা ইটের হওয়ার কথা থাকলেও বাস্তবে রাস্তার কাজ কিছুই হয়নি। বেহাল দশা সেই রাস্তার। নির্মাণকার্যের জন্য রাস্তার পাশে ইট এখনও পড়ে রয়েছে। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে, যানবাহন চলাচল তো দুরের কথা, সেই রাস্তা সাধারণ মানুষের চলাচলের অযোগ্য বলেই দাবি এলাকাবাসীর। এ বিষয়ে স্থানীয়রা কাশীপুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানান তারা।

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান তাপসী মন্ডল। তিনি জানান, পড়াশুনা কম জানায় তাকে নির্মাণ সহায়ক যা কাগজ দিয়েছেন তাতেই তিনি সই করেছেন।
এ প্রসঙ্গে প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও ব্লক পূর্তের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালি বলেন,’পঞ্চায়েতের সরকারি কাজে তিনি নাক গলান না। তিনি এর সাথে যুক্ত নন। পঞ্চায়েত প্রধান তাপসী মন্ডলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জড়ানো হচ্ছে।’

অন্যদিকে পুরো বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বামনেতা সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘কাগজে কলমে যা ১০০ শতাংশ কাজ হয়ে আছে, বাস্তবে তার কোনও দেখা নেই। সারা রাজ্য জুড়ে এইভাবেই শাসকদলের লোপাটের রাজনীতি চলছে।‘ পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষের সুর চড়িয়ে বলেন,’শুধু সোনারপুরেই নয়, রাজ্যে একাধিক রাস্তা, পুকুরে এই উদাহরণ রয়েছে। শাসক দলের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা তথ্য সহ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছি। মন্ত্রীদের সঙ্গে দেখা করেছি। আমরা চাই শাসক দল আগে হিসাব দিক তারপর টাকা দেওয়া হবে।‘

About Post Author