Home » সুইমিং পুলে ব্যবহার হচ্ছে পানীয় জল

সুইমিং পুলে ব্যবহার হচ্ছে পানীয় জল

সময় কলকাতা ডেস্ক:  পানীয় জল ব্যবহার হচ্ছে সুইমিং পুলে। পুল কতৃপক্ষকে নোটিশ খড়দহ পুরসভার। ঘটনাটি খড়দহের ১৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন এলাকার।

গ্রীষ্মের দাবদাহে একদিকে যখন পানীয় জলের হাহাকার। ঠিক মত জল পাচ্ছে না বাসিন্দারা। সেই সময় সামনে এল এক অন্য ছবি। পানীয় জল ব্যবহার করা হচ্ছে সুইমিং পুলে। তাই জল অপচয় রুখতে সুইমিং পুল বন্ধের নির্দেশ দিল খড়দহ পুরসভা। ১৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন এলাকায় বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণের জন্য চালু হয়েছে একটি নতুন সুইমিং পুল। সেই সুইমিং পুলে জল নেওয়া হচ্ছে পানীয় জল থেকে। এই পরিস্থিতিতে পুলের জন্য পানীয় জলের ব্যবহার করলে গোটা খড়দহ অঞ্চলে দেখা দিতে পারে জল সমস্যা। এছাড়াও সুইমিং পুল তৈরি করে বাচ্চাদের প্রশিক্ষণ দিতে যা প্রয়োজন, সেই বৈধ কাগজ নেই পুল কর্তৃপক্ষের কাছে। নেওয়া হয়নি পুরসভার বা প্রশাসনিক কোনও বৈধ অনুমতি। খড়দহ সূর্যসেন সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে চিঠি দিয়েছে পুরসভা।

অন্যদিকে খড়দহ পুরসভার উপ পুর প্রধান সায়ন মজুমদার জানান, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুরসভার পক্ষ থেকে সব অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে। পুরসভার পানীয় জল পুলের জন্য ব্যবহার করতে বারণ করার পাশাপাশি পুরসভার পক্ষ থেকে প্রশাসনিক সব দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে চিঠি পেয়ে উত্তরতো দিলেনই না, পাল্টা খড়দহ পুরসভার জল বিভাগের পুরপারিষদ শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে ১৪৪ ধারা করেছে পুল কর্তৃপক্ষ। পাশাপাশি এই সুইমিংপুল কোন বেআইনি নয় এবং পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলেছে সুইমিং পুলের সম্পাদক নারায়ণ দত্ত। সুইমিংপুল নিয়ে এই জটিলতা কবে কাটে সেটাই এখন দেখার।

About Post Author