সময় কলকাতা ডেস্কঃ ৪ বছর পর ফের পর্দায় ফিরছে অরিন্দম শীলের ব্যোমকেশ। ইতিমধ্যে, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর শুটিংও শুরু হয়ে গিয়েছে। স্বস্তি নেই পরিচালকের। শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনই জানিয়েছেন অরিন্দম। শুক্রবার অরিন্দমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং সেটে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সিন বোঝাতে ব্যস্ত ছিলেন অভিনেতা। একইসঙ্গে, শুটিংয়ের ফাঁকে সকলের সঙ্গে খোশ মেজাজেও দেখা গিয়েছিল তাঁকে। ভিডিও শেয়ার করে অরিন্দম শীল লিখেছেন, ‘পুরো দম এ ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর শুটিং। দম ফেলার সময় নেই।’

‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। এবারও অরিন্দমের ব্যোমকেশের ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়। এই ছবিতে পাওলির চরিত্রের নাম সুলোচনা। ছবিতে তৎকালীন সময়ের প্রেক্ষিতেই সাজিয়ে তোলা হয়েছে পাওলির লুক।

১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। গল্পের শুরু নাটকের মঞ্চ থেকেই। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। সেই খুনের রহস্যই এবার সমাধান করবে ব্যোমকেশ।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত