Home » সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ছিনতাইবাজ

সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ছিনতাইবাজ

সময় কলকাতা ডেস্কঃ পুলিশের বড়সড় সাফল্য! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সল্টলেকের ছিনতাইয়ের ঘটনা কিনারা করল বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইবাজকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রবীর হালদার (২২)। বেশ কিছুদিন ধরেই ভোরের দিকে এবং গভীর রাতে সল্টলেকের বিধাননগর উত্তর থানার অন্তর্গত এলাকার বিভিন্ন ব্লকে মোবাইল ফোন, গলার চেন ও ব্যাগ সহ একাধিক জিনিস ছিনতাই হওয়ার অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগ পেয়ে তার তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

বিধাননগর ট্রাফিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তারা। তাতে দেখা যায় একটি স্কুটিতে চড়ে দুই যুবক সন্দেহজনক ভাবে পালিয়ে যাচ্ছে। যেসময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই আনুমানিক সময়ের মধ্যেই অভিযুক্তদের বারংবার পালিয়ে যাওয়ার দৃশ্য উঠে আসে ট্রাফিকের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এরপর বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিধাননগর সংলগ্ন বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড এবং কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের সঙ্গে। সেখান থেকেই পুলিশ জানতে পারে সন্দেহভাজন দুজনই মানিকতলা এলাকার বাসিন্দা। অবশেষে শনিবার রাতে সেই সন্দেহভাজন দুই যুবকের মধ্যে একজনকে সল্টলেক এক নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি সল্টলেকের এক নম্বর গেট এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ।

সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের জেরায় ছিনতাই এর কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে এখনো পর্যন্ত কোনও জিনিস উদ্ধার করা যায়নি। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

About Post Author