সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রশাসনিক অব্যবস্থার দায়ে কাঠগড়ায় উঠেছিল বাংলা। সমালোচনার ঝড় উঠেছিল তিলোত্তমা জুড়ে। কেকে-এর মৃত্যু নিয়ে রাজ্যের শাসকদলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। রাজনৈতিক মহলেও তোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদকে। একইসঙ্গে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এবার সেই একই প্রশ্ন শোনা গেল তৃণমূলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়ের মুখে। নজরুল মঞ্চে যে অনুষ্ঠানে কেকে এসেছিলেন তার জন্য ব্যয় হওয়া লক্ষ লক্ষ টাকা এল কোথা থেকে? কলেজের সাধারণ ছাত্র সংসদের পকেটে এত টাকা জোগাচ্ছেন কারা? সেই বিষয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

রবিবার বরাহনগরে তৃণমূল ছাত্র পরিষদের একটি সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌগত রায়। সেখানেই প্রশ্ন তুলে তিনি বলেন, বলিউড শিল্পীদের বিপুল পারিশ্রমিক ছাত্র সংসদ জোগাড় করছে কোথা থেকে? এদিন তৃণমূল সাংসদকে বলতে শোনা যায়, শুনেছি কেকে’র অনুষ্ঠান করতে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা লেগেছে। এত টাকা কোথা থেকে এল ? টাকা তো হাওয়া থেকে আসে না! এই বয়স থেকে আত্মসমর্পন করলে ভবিষ্যতে লড়বে কী করে ? তৃণমূল সাংসদের এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। যদিও, টিএমসিপি দাবি করেছিল,ওই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ করেছেন কলেজ কর্তৃপক্ষ। এদিকে সৌগত রায়ের এই প্রশ্নে অস্বস্তিতে পড়েছে তাঁরই দল। সাংসদের প্রশ্নকে হাতিয়ার করে পালটা তোপ দেগেছে বিরোধীরা।

উল্লেখ্য, ৩১ মে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্টে গান গাইতে এসেছিলেন কেকে। কিন্তু, অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখান থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তারপরই কলেজ ফেস্টের ব্যবস্থাপনা থেকে শুরু করে এই ফেস্টের টাকার জোগান সংক্রান্ত প্রশ্ন উঠতে থাকে। এই ঘটনায় বিরোধী থেকে সাধারণ মানুষ দুষেছেন রাজ্য সরকারকে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এসবের মধ্যেই তৃণমূলেরই নেতা সৌগত রায় দলের ছাত্র সংগঠনের নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী