সময় কলকাতা ডেস্কঃ বগটুইকাণ্ডে রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। প্রায় ৯০ দিনের মাথায় সোমবার হল চার্জশিট পেশ। রামপুরহাট আদালতে একটি মুখবন্ধ খামে এদিন চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, সিবিআই-এর চার্জশিটে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন সহ অভিযুক্ত ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর আগুন জ্বলে বগটুইয়ে। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। ২৪ মার্চ নৃশংস এই গণহত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আনারুল হোসেন সহ ২০ জন অভিযুক্তকে। ২৫ মার্চ কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
ঘটনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় সিট। যদিও রাজ্য বিজেপি এই সিট গঠনে সন্তুষ্ট হতে পারেনি। সিবিআই বা এ এন আই-কে দিয়ে তদন্ত করানোর দাবি জানান তারা। পাশাপাশি রাজ্য বিজেপি এই ঘটনায় রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিও করেন।

২৫ মার্চ কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই গণহত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই। সিবিআই-এর আই জি অখিলেশকুমার সিংয়ের নেতৃত্বে বগটুই গ্রামে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই আগুনে পোড়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এমনকী ঘটনাস্থলের ছবি, ভিডিয়োগ্রাফি, ম্যাপ, স্কেচ শুরু করে এফএসএল টিম। নৃশংস এই গণহত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী