Home » নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা নির্মাণ বন্ধ করল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য মালদা মানিকচক ব্লকের আন্তঃরাজ্য সীমান্তবর্তী মানিকচক ঘাটে যাওয়ার রাস্তায়।

উল্লেখ্য মালদা জেলার মানিকচকে আন্তঃরাজ্য সীমান্তে যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। মানিকচক বাস স্ট্যান্ড থেকে মানিকচক ঘাট পর্যন্ত এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে জলপথে মালদা জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম মানিকচক ঘাট। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে কয়েকশো মাল বোঝাই লরি সহ মানুষজন যাতায়াত করে। এর মধ্যে প্রতিনিয়ত এই রাস্তায় ঘটে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের কাজ শুরু হলে  কাজের মান নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে। তারপর থেকে বন্ধ ছিল কাজ। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল থেকে হঠাৎ ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ শুরু করে। কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছিল অত্যন্ত নিম্নমানের সামগ্রী। সরকারি নিয়ম মেনে কাজ করা হচ্ছেনা বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।সরকারি আধিকারিকরা এই রাস্তার সঠিক কাজের উপযুক্ত ব্যবস্থা নিলেই কাজ চালু হবে বলে জানান স্থানীয়রা।

অন্যদিকে, মানিকচক ব্লক প্রশাসন জানিয়েছে বিষয়টি  খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এপ্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানান, ‘অভিযোগ আগেও উঠেছিল। স্থানীয়দের যে সমস্ত দাবি রয়েছে তা জেলা প্রশাসন ও পূর্ত দপ্তর খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। সঠিক সরকারি নিয়ম মেনে যাতে রাস্তা হয় সেদিকে আমাদেরও সজাগ দৃষ্টি রয়েছে।’

About Post Author