Home » নাবালিকার বিয়ে রুখতে গিয়ে আক্রান্ত চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে রুখতে গিয়ে আক্রান্ত চাইল্ড লাইন

সময় কলকাতা ডেস্ক: নজিরবিহীন ঘটনা! এক নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত হলেন চাইল্ড লাইনের সদস্যরা। ঘটনাটি সিউড়ি থানার অন্তর্গত জনিদপুর এলাকার। এই ঘটনায় স্তম্ভিত চাইল্ড লাইনের সদস্য এবং সিউড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার এক নাবালিকার বিয়ে ছিল। সেই খবর পেয়ে নাবালিকার বিয়ে আটকাতে ঘটনাস্থলে যান চাইল্ড লাইনের সদস্য এবং সিউড়ি থানার পুলিশ। কিন্তু এভাবে আক্রান্ত হতে হবে তা ভাবতেই পারেননি চাইল্ড লাইনের সদস্যরা।

সিউড়ি চাইল্ড লাইনের টিম মেম্বার দেবাশীষ দাস জানান, ”এদিন অভিযান চালাতে গিয়ে যখন আমরা ওই পরিবারের সদস্যদের বোঝাচ্ছি সেই সময় হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমদিকে তারা মেয়েটিকে লুকিয়ে রেখেছিলেন। তারপরেই পরিস্থিতি বিগড়ে যায় এবং তারা আমাদের উপর আক্রমণ শুরু করে। আমরা কোনক্রমে সেখান থেকে অন্যত্র গিয়ে আশ্রয় নিই। পরে সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসে।”

জানা গিয়েছে, গ্রামবাসীদের আক্রমণে আহত হন দেবাশীষ দাস সহ অন্য এক মহিলা সদস্য সোমা সিনহা। সেই সঙ্গে ওই নাবালিকার বিয়ে আটকাতে পারেনি চাইল্ড লাইন। তবে ওই নাবালিকার পরিবারের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে ১৮ বছর না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি পাঠানো হবে না ওই নাবালিকাকে।

About Post Author