সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় গত তিন দিন ধরে অগ্নিগর্ভ দেশের একাধিক রাজ্য। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে প্রায় ১২ থেকে ১৩ টি রাজ্যে। মূলত, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পঞ্জাবে অগ্নিপথ বিক্ষোভের আঁচ পড়েছে বেশি। চলছে মারপিট, ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ট্রেনে। মৃত্যুর তাণ্ডবের সাক্ষী থাকছে গোটা দেশ। জ্বলছে একাধিক রাজ্য। অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের ডাকও দিয়েছে একাধিক সংগঠন। ছড়াচ্ছে ভুয়ো খবরও। কিন্তু, এই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে তৎপর হল কেন্দ্র। নিষিদ্ধ করা হল ৩৫টি হোয়াটস অ্যাপ গ্রুপ। ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। পাশাপাশি ভুল তথ্য ছড়ানো ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদেরও খোঁজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ১০ জনকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো পক্ষ থেকে তথ্য যাচাই করার কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে অগ্নিপথ সংক্রান্ত সমস্ত তথ্য ও খবর যাচাই করতে ‘৮৭৯৯৭-১১২৫৯’ নম্বরটি চালু করেছে। গোয়েন্দাদের অনুমান, সেনায় নিয়োগের প্রশিক্ষণ দেওয়া হয়, এমন কিছু কোচিং সেন্টারের মাধ্যমে দেশজুড়ে অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে। পাটনায় ধৃতদের মোবাইল ফোন ঘেঁটে এই সন্দেহ আরও দৃঢ় হয়েছে। তেলেঙ্গানায় এক কোচিং সেন্টারের মালিককে গ্রেফতারও করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল গোটা দেশ। ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ একাধিক রাজ্য। কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতা করে একাধিক জায়গায় ট্রেন অবরোধে সামিল হয়েছে বিক্ষোভকারীরা। ১৪ জুন এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তারপরেই শুরু হয় প্রতিবাদ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর