সময় কলকাতা ডেস্কঃ বিভিন্ন জেলা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র ও বোমা। গ্রেপ্তারও হয়েছে একাধিক দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত্রি জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ একটু সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানাও।
সোমবার গভীর রাতে বড়সড় ডাকাতির ছক বানচাল করল রামপুরহাট থানার পুলিশ। ৬০নং জাতীয় সড়কের ওপর জয়রামপুর মোড়ের কাছে সন্দেহজনকভাবে জড়ো হয়ে থাকা বেশ কিছু দুষ্কৃতির খবর পায় পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি ওই স্থানে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। এরপর পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। অবশেষে পুলিশ ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় লোহার রড, ভোজালী, হাসুয়া, হাতুড়ি, শাবল। ধৃত ওই তিন দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়,তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ধৃত ওই তিন দুষ্কৃতির নাম আনারুল শেখ(৩৩),জাভেদ শেখ(৪৫)এবং হাসিরুদ্দিন শেখ(২১)।
ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই ঘটনা নেপথ্যে কে বা কারা জড়িয়ে রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হয়েছে। বাকিদের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী