Home » মর্মান্তিক মৃত্যু

মর্মান্তিক মৃত্যু

সময় কলকাতা ডেস্কঃ দুটি বাসের রেষারেষির জেরে মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। উত্তর ২৪ পরগনার পানিহাটি ধানকল মোড় এলাকার ঘটনা। মর্মান্তিক এই ঘটনার পরই বাসে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেয়। চালক ও খালাসীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম গৌতম গুহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা গৌতম গুহ পেশায় লোহার ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে গৌতমবাবু স্কুটি নিয়ে ব্যবসার কাজে সোদপুরের থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিল। সেসময়ই পানিহাটি- ধানকল মোড়ের কাছে দুটি বাস রেষারেষি শুরু করে। এরপরই ৭৮/১ রুটের বাসের ধাক্কায় পিষ্ট হয়ে যান স্কুটি চালক গৌতম গুহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত জনতা ঘাতক বাসটিকে আটকে ব্যাপক ভাঙচুর চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ পৌঁছে ঘাতক বাস সহ চালক ও খালাসীকে গ্রেপ্তার করেছে। এরপর খড়দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে খড়দহ বলরাম হাসপাতলে নিয়ে যায়। অন্যদিকে আরেকটি বাসের চালক বাস নিয়েই পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।

About Post Author