Home » সংখ্যাগরিষ্ঠতা হারাবে শিবসেনা সরকার ?

সংখ্যাগরিষ্ঠতা হারাবে শিবসেনা সরকার ?

সময় কলকাতা ডেস্কঃ সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবারই বিরোধী শিবির প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু, এসবের মাঝেও থমথমে পরিস্থিতি তৈরি করে শিরোনামে উঠে এসেছে মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির সরকারের টালমাটাল পরিস্থিতি। প্রথমে জানা গিয়েছিল, মহারাষ্টের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিণ্ডে বেশ কিছু অনুগামী বিধায়ককে নিয়ে গুজরাটের সুরাটের একটি হোটেলে রয়েছেন। তবে, মঙ্গলবার রাতের পরেই জানা যায়, সুরাট থেকে গোয়াহাটিতে গিয়েছেন বিদ্রোহী বিধায়করা। বিদ্রোহী শিবসেনা নেতা শিণ্ডের শিবিরের দাবি, তাঁর সঙ্গে অন্তত ৪১ জন শিব সেনা বিধায়ক আছেন। ধীরে ধীরে নাটকীয় মোড় নিচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি। ২০ জুন বিধানসভা পরিষদের নির্বাচনে শাসকদলকে জোড় টক্কর দিয়েছে বিজেপি। তারপরেই, শোনা যাচ্ছিল একনাথ শিণ্ডের খোঁজ মিলছে না। তারপরেই, জানা যায় তিনি সুরাটে রয়েছেন।

সূত্রের খবর, দলে সঞ্জয় রাউতের গুরুত্ব বাড়ার পরেই অসন্তুষ্ট ছিলেন শিণ্ডে। তবে কি একনাথ শিণ্ডে বিজেপিতে যোগ দেবেন ? সূত্রের খবর, শিণ্ডে উদ্ধব ঠাকরেকে জানিয়েছেন, দলের স্বার্থে বিজেপির সঙ্গে ফের জোট করা উচিত শিব সেনার। বিধায়করা কংগ্রেস-এনসিপিকে চাইছে না। যদিও উদ্ধব তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর কোনও শর্ত দল শুনতে রাজি নয়। এদিকে, কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে। কংগ্রেস এবং এনসিপি জানিয়েছে, তাঁরা শিবসেনার সঙ্গেই রয়েছে।

About Post Author