Home » উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত সমতল!

উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত সমতল!

সময় কলকাতা ডেস্কঃ রবিবাসরীয় সকালে উপ-পুরনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্ত। সমতল থেকে শুরু করে পাহাড়, রীতিমতো মারমুখী হয়ে উঠল শাসক দল। অশান্তি দিয়ে শুরু হল ভোট। ভোট শুরু হতেই রক্ত ঝড়ল ফাঁসিদেওয়ায়। নির্দল প্রার্থী আখতার আলির সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এমনকী নির্দল প্রার্থীর পোলিং এজেন্টও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। মারধরের জেরে একাধিক জনের মাথা ফেটে গিয়েছে। ইতিমধ্যেই তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের চটহাট এলাকায় ১৬৭ নম্বর বুথে তৃণমূলের হাতে আক্রান্ত হন শিলিগুড়ি মহকুমা পরিষদের 8 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার মণ্ডল।

নির্দল প্রার্থী আখতার আলির অভিযোগ, এদিন সকালে তাঁদের উপর বিনাপ্ররোচনায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ,মূলত, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় আহত হয়েছে অনেকেই। ঘটনার পরই এলাকায় বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার সময় পুলিশ এলাকায় মোতায়েন থাকলেও তাঁরা হামলা থামাতে কোনও পদক্ষেপ নেয়নি বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

জানা গিয়েছে,মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র মিলিয়েই মূলত মহকুমা পরিষদের ভোট। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথগুলির মধ্যে অন্যতম ফাঁসিদেওয়া। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট। ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার।

About Post Author