Home » প্রয়াত বৈজ্ঞানিক, ঘুমের দেশে অধ্যাপক অমূল্য ভূষণ গুপ্ত

প্রয়াত বৈজ্ঞানিক, ঘুমের দেশে অধ্যাপক অমূল্য ভূষণ গুপ্ত

সময় কলকাতা ডেস্ক :

ইন্দ্রপতন। চলে গেলেন  বিজ্ঞানের বরপুত্র ও একনিষ্ঠ বিজ্ঞানসাধক অধ্যাপক অমূল্য ভূষণ গুপ্ত। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রয়েছে অধ্যাপক গুপ্তের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। ব্যাঙ্গালোরে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার সকাল ১০ টা নাগাদ প্রয়াত হন তিনি।সোমবার তাঁর মরদেহ বারাসাতের বাসভবনে নিয়ে আসা হবে।

বলাবাহুল্য, বৈজ্ঞানিক অমূল্য ভূষণ গুপ্তের খ্যাতি ছিল দেশজোড়া যা দেশের গণ্ডী ছাড়িয়েছে । পদার্থবিদ্যা নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করলেও বিজ্ঞানী হিসেবে তাঁর গবেষণার ক্ষেত্র ছিল বিস্তৃত। দীর্ঘ কয়েকযুগ ধরে উপকৃত হয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং পরবর্তী সময়কালের গবেষকরা হয়েছেন সমৃদ্ধ ।দেশে বিদেশে কর্মসূত্রে তিনি আমন্ত্রিত হতেন। উচ্চ শিক্ষায় তাঁর লেখা বহু পুস্তক বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকায় রয়েছে। ডার্মাটোলোজি নিয়ে তাঁর বিশেষ গবেষণা রয়েছে। গুণী বিদ্বান মানুষটির সমাজে রয়েছে বহুবিধ অবদান। নিজের লেখা বইয়ের রয়্যালটির টাকা চলে যেত বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক তহবিলে ।দুঃস্থকে সেবা করতে অবারিত দ্বার অধ্যপক গুপ্ত একাধিক স্কুল কলেজ প্রতিষ্ঠায় সার্বিক সাহায্য করেছিলেন। বারাসাত সান্ধ্য কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অমূল্য ভূষণ গুপ্ত।  বহু মানুষ তাঁর কাছে বিভিন্ন ভাবে উপকৃত। বহু পুরস্কারে ভুষিত মানুষটি নিজগুনে সমাদৃত হয়েছেন  তথাপি কোথাও যেন অপ্রাপ্তিও ছিল যা তাঁর প্রয়াণের পরে ঘনিষ্ঠদের বুকে বাজছে। “দুহাত উজাড় করে তিনি নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন,বিজ্ঞানে উৎসর্গীকৃত প্রাণ ছিলেন তিনি,তাঁর প্রতি আমরা আরও বেশি মনোযোগী হ’লে সমাজ আরও উপকৃত হত,”জানালেন তাঁর গুনমুগ্ধ নির্মল রায় চৌধুরী।।

About Post Author