সময় কলকাতা ডেস্কঃ কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। তবুও, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে মারাঠি মুলুকে। রাজনৈতিক পাশাখেলার মাঝেই শনিবার হামলা চলেছে বিদ্রোহী শিবিরের বাড়িতে। এরমধ্যেই অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে মুম্বাইতে ১০ জুলাই পর্যন্ত জারি হল ১৪৪ ধারা। এরমাঝেই নতুন দল গড়তে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। নতুন এই মঞ্চ তৈরির সময়ও তাদের হাতিয়ার বালাসাহেব আবেগ। নিজেদের সম্ভাব্য দলের নাম তারা দিচ্ছে ‘শিব সেনা বালাসাহেব।’
এই পরিস্থিতিতে রক্তাল্পতায় ভুগছে উদ্ধব ঠাকরের সরকার। বিদ্রোহী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করা শুধুই সময়ের অপেক্ষা। এদিকে, শিন্ডে তাঁর গোষ্ঠীর সঙ্গে বালাসাহেবের নাম যুক্ত করায় পাল্টা পদক্ষেপ নিয়েছেন উদ্ধব ঠাকরে। শনিবার দলের কর্মসমিতির বৈঠক ডেকে প্রস্তাব গ্রহণ করেন, বালাসাহেবের নাম অন্য দল ব্যবহার করতে পারবে না। তবে, শিন্ডের মতে , শিবসেনার সঙ্গে তাঁর বিরোধ নেই। তিনি শিবসেনার অনুগত সৈনিক। কিন্তু সেটা অবশ্যই উদ্ধব ঠাকরের শিবসেনা নয়। তাঁর যাবতীয় আনুগত্য প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রতি। বালাসাহেবের শিবসেনাকে ফেরাতে চান তিনি।

ইতিমধ্যেই, ঠাকরে গোষ্ঠী একনাথদের বিধায়কপদ বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে। পাল্টা একনাথ শিণ্ডে শিবির আবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। তবে, সেই প্রস্তাব শিবসেনার লেটারহেডে পাঠানো হয়েছে, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, দ্রুতই নতুন দলের লেটারহেডে প্রস্তাব পাঠানো হবে বলেই সূত্রের খবর ।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির