সময় কলকাতা ডেস্কঃ ২০২০-তেই মুক্তি পাওয়ার কথা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’ ছবিটি। শুটিং শেষ হয়েছিল দু’বছর আগেই। কিন্তু, অতিমারির কারণে এই সিনেমার মুক্তিও পিছিয়ে দেওয়া হয়। অবশেষে দু’বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। ১৯ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘বিসমিল্লাহ’। রবিবারই প্রকাশ্যে এল ছবির টিজার পোস্টার ।

সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । এই ছবিতে শুভশ্রী জুটি বেঁধেছেন ৮ বছরের ছোট ঋদ্ধি সেনের সঙ্গে। প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এছাড়াও, এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তীরা।
জানা গিয়েছে, অসমবয়সী প্রেমের গল্প বলবে এই ছবি। এক মুসলিম পরিবারের ছেলে, যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সানাইয়ের সুরই কি তবে দু’জন অসমবয়সীর মনে প্রেমের জোয়ার তুলবে ? এই প্রশ্নের উত্তর পেতে গেলে এখনও দর্শকদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে।

সম্প্রতি, মুক্তি পেয়েছে শুভশ্রীর ‘হাবজি-গাবজি’ ছবিটি। দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। অন্যদিকে, শুটিং শেষ ‘বৌদি ক্যান্টিন’-এরও। দু’দিন আগেই অনুরাগীদের চমক দিয়েছেন তিনি। হইচইতে ওয়েব সিরিজেও এই প্রথমবার অভিনয় করবেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে