Home » খড়গপুরে শুট আউট!

খড়গপুরে শুট আউট!

সময় কলকাতা ডেস্কঃ ফের শুট আউট রেলশহর খড়গপুরে। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খড়গপুর ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দির এলাকার ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও। সোমবার রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে ওই তৃণমূল সমর্থক। ঠিক সে সময়ই স্কুটিতে করে মুখঢাকা তিনজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি প্রসাদকে উদ্ধার করে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে রবিবারই শহরে ফিরেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী একসময় শ্রীনু নাইডু’র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়গপুর টাউন থানার পুলিশ।  এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরোনো কোনো শত্রুতার জেরেই এই খুন।

About Post Author