Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু রাজাবাজারে!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু রাজাবাজারে!

সময় কলকাতা ডেস্কঃ হরিদেবপুরের পর এবার রাজাবাজার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানার অন্তর্গত রাজাবাজারের সাহেব বাগান এলাকায়। মৃত কিশোরের নাম মহম্মদ ফাইজান। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে সাড়ে ছ’টা নাগাদ শিক্ষিকার কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে দাদার সঙ্গে খেলছিল কিশোর। সেই সময়ই পুরসভার বাতিস্তম্ভে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়রা প্রায় ১৫ মিনিট পর তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার আলোক দপ্তরের আধিকারিক, পুলিশ ও সিইএসসি। পাশাপাশি এদিন রাতেই ঘটনাস্থলে যান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও নারকেলডাঙা থানার ওসি। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক মৃত্যু। এই এলাকায় বর্ষার জমা জলের কোনও গল্পই নেই। বিদ্যুতের তারও কোথাও খোলা পড়েছিল না। ঘনবসতিপূর্ণ এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ দু’টোই মানুষের প্রয়োজন। ল্যাম্পপোস্টের কাছে একটি পানীয় জলের কল রয়েছে। বৃষ্টির মধ্যে এখান থেকে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।’ অন্যদিকে স্থানীয় কাউন্সিলরের দাবি, ‘রোজ এই এলাকায় বিদ্যুতের খুঁটির উপর নজরদারি করা হয়।’ তা সত্বেও  কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

About Post Author