সময় কলকাতা ডেস্কঃ রাজ্যজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। রাজ্যে পরপর তিনদিন দৈনিক সংক্রমণ প্রায় ৩ হাজার ছুঁইছুঁই। করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় স্থানে হুগলি। আক্রান্ত ১৯৬ জন। পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ। যা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে। দৈনিক যত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন,উপসর্গহীন ভাবে ঘুরে বেড়ানো করোনা আক্রান্তের সংখ্যা তার থেকে নেহাত কম নয়। এমনটাই ধরা পড়ল পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। রাজ্য স্বাস্থ্য দফতরের সার্ভে রিপোর্ট বলছে, রাজ্যে ১১ টি জেলা এবং স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশেরও বেশি। কোথাও কোথাও কুড়ি শতাংশের অধিক। আপাতত এই ১১ টি জেলাকে লাল তালিকাভুক্ত করল স্বাস্থ্য ভবন। লাল তালিকাভুক্ত এই জেলা গুলি হল-
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (২৪.৭৭) শতাংশ
উত্তর ২৪ পরগনা (২৩.৬৫) শতাংশ
দার্জিলিং (১৯.১) শতাংশ
উত্তর দিনাজপুর (১৮.২৫) শতাংশ
কালিম্পং (১৬.৭৫) শতাংশ
পশ্চিম বর্ধমান(১৬.৫৬) শতাংশ
উত্তর ২৪ পরগনার বসিরহাট (১৪.৩৬) শতাংশ
হাওড়া (১৪.২৩) শতাংশ
পূর্ব বর্ধমান (১৪.১৪) শতাংশ
কলকাতা (১৩.১৩) শতাংশ
নদিয়া (১০.১৫) শতাংশ

এছাড়াও আরও ৯টি জেলাকে হলুদ তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য ভবন। এই জেলাগুলিতে পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। হলুদ তালিকাভুক্ত জেলাগুলি হল-জলপাইগুড়ি, মালদহ, হুগলি, আলিপুরদুয়ার, বীরভূমের রামপুরহাট, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিন দিনাজপুর। সাত জেলায় পজিটিভিটি রেট ১ থেকে ৫ শতাংশের মধ্যে। স্বাস্থ্য দফতরের সার্ভেতে একমাত্র স্বস্তির জায়গায় রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পজিটিভিটি রেট একমাত্র এক শতাংশের নিচে। এর আগের সেন্টিনেল সার্ভেতে সর্বোচ্চ পজিটিভিটি রেট দেখা গিয়েছিল হাওড়া জেলায়। তা ছিল ২.৩৩ শতাংশ। যারা করোনা আক্রান্ত হননি। এমনকি করোনার কোন উপসর্গ পর্যন্ত নেই, মূলত তাদের মধ্যে থেকে স্যাম্পেল সংগ্রহ করে করোনা পরীক্ষা করার ব্যবস্থাই হল সেন্টিনেল সার্ভে। অর্থাৎ দৈনিক করোনা সংক্রমনের যে চিত্রটা কোভিড বুলেটিনে পাওয়া যায়, বাস্তব পরিস্থিতি তার থেকে অনেকটাই উদ্বেগের।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের