সময় কলকাতা ডেস্ক: মাত্র ২ বছরের একরত্তি। জীবনের সবেমাত্র শুরু। আর শুরুতেই নেমে এসেছে শেষের হাতছানি। জটিল রোগে আক্রান্ত শিশু। হাতে মাত্র আর ২০ দিন। সন্তানের জীবন বাঁচাতে মরিয়া মা বাবা অসহায় দৃষ্টি কেবল সাহায্যের আশায়।
কোন চিত্রনাট্য বা ভুয়ো কাহিনী নয়। একেবারেই সত্যি ঘটনা। হুগলীর জাঙ্গিপাড়ার গোপালপুরের বাসিন্দা অভিজিৎ জানা। দু বছরের একরত্তি কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসার। হঠাৎই ছন্দপতন। একরত্তি শিশু জটিল রোগে আক্রান্ত। বহু চিকিৎসা করিয়েও নাজেহাল মা বাবা। ডাক্তাররা জানিয়েছেন, ছোট্ট রাইয়ের গোটা শরীরে বোনম্যারো পরিবর্তন করতে হবে৷ খরচ প্রায় ৪০ লক্ষ টাকা। বাবা নিতান্তই দিন আনা দিন খাওয়া মানুষ। খরচ জোগাতে তাই একেবারেই অপারক তিনি।
বৃহস্পতিবার ফুরফুরা সরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকির দরবারে সাহায্যের কাতর আবেদন নিয়ে যান অসহায় বাবা। সর্বভারতীয় ক্বেরাত প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠান হয় সেখানে। পীরজাদা ত্বহা সিদ্দিকী উপস্থিত জনতার কাছে আবেদন করেন একরত্তি শিশু রাইকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৷ তাতে কিছু অর্থের ব্যবস্থা হলেও বাকি এখনও বিশ বাঁও জলে।

অনেক চেষ্টা করেও ব্যবস্থা হয়নি প্রয়োজনীয় অর্থের।অথচ হাতে আর মাত্র ২০ টা দিন। তাই অবশেষে সংবাদ মাধ্যমের কাছে বাবা অভিজিৎ জানার কাতর আবেদন, সহৃদয় ব্যক্তিরা যদি তার ছোট্ট শিশুর কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে শিশুটিকে প্রাণে বাঁচানো বা সুস্থ করে তোলা সম্ভব হবে৷


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর