সময় কলকাতা ডেস্ক: ছবি আঁকার বিভিন্ন প্রকারভেদ আছে। আছে বিভিন্ন প্যাটার্ন। ছবি আঁকার যেমন অসংখ্য মিডিয়াম আছে, তেমনি এক এক জন শিল্পীর আঁকার নিজস্ব সত্ত্বাও সৃষ্টি করেছে এক একটি প্যাটার্নের। কোন শিল্পী চারকোলে আঁকতে ভালোবাসে, কেউবা জলরঙে স্বচ্ছন্দ বোধ করেন। অথবা কোন শিল্পীর তুলির ছোঁয়ায় ক্যানভাস জীবন পায়।

সম্প্রতি, স্যান্ড আর্ট প্রভাব ফেলেছে শৈল্পিক মনোভাবাপন্ন মানুষের মনে। তবে আধুনিক যুগে হাইপাররিয়েলস্টিক আর্ট অনন্য মাত্রা পেয়েছে। অ্যাবস্ট্রাক্ট আর্টের পাশাপাশি রিয়েলিস্টিক, হাইপাররিয়েলস্টিক শিল্পকলায় মেতেছেন শিল্পপ্রেমী মানুষ সহ নেটিজেনরা।
সম্প্রতি, ইতালির এক শিল্পীর পেন্সিল স্কেচে আঁকা নারীর মুখ ছড়িয়ে পড়েছে সামাজিক প্রচার মাধ্যমে। যে আঁকা ছবি দেখলে মনে হবে ক্যামেরায় তোলা কোন ফটোগ্রাফি। বহু মানুষ ক্যামেরায় তোলা ফটোগ্রাফি বলে ভুলও করছেন, যারা বুঝতে পারছেন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

শিল্পীর নাম দিয়েগো ফাজিও। ১৯৮৯ সালে দিয়েগো ফাজিও জন্মগ্রহণ করেন ইতালির ল্যামেজিয়া টার্মে শহরে। ছোটবেলা থেকেই ছবি আঁকা ছিল তার প্যাশন। মূলতঃ পেন্সিল স্কেচে মানুষের মুখ, মানুষের চোখ আঁকায় বেশি পছন্দ করতেন দিয়েগো ফাজিও। দিয়েগোর মতে চোখ হল মানুষের আত্মা। চোখের মাধ্যমেই সেই মানুষের চরিত্রের বর্ণনা করে দেওয়া যায়। চোখের মনির আলোর রিফ্লেকশনেই ধরা পড়ে সেই মানুষের প্রতিটি অনুভূতি। দিয়েগোর ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার পেন্সিলের ছোঁয়ায় সূক্ষ্ম সেডগুলি উপলব্ধ করা। একটা মানুষের মুখের উপর বলি রেখায় আলোর রিফ্লেকশনের সূক্ষ্ম কারুকার্য পেন্সিলের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে পারে দিয়েগো। যাকে বলা হয় হাইপাররিয়েলস্টিক স্কেচ। এ কারণেই দিয়েগো আজ বিশ্বের সেরা শিল্পীদের তালিকায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে পেরেছে।

দিয়েগো একসময় ট্যাটু শিল্পী হিসেবেও প্রসিদ্ধি লাভ করেছিলেন। অসামান্য ট্যাটু আঁকার জন্য তার নাম ছড়িয়ে পড়েছিল সমগ্র ইতালি জুড়ে। “কোই-কার্প” শিল্পের জন্য তার নাম হয়ে গিয়েছিল দিয়েগো-কোই। সেন্সাজিওনি নামের এই চিত্রটির জন্য ভেনিজ ইন্টারন্যাশনাল আর্ট প্রাইজ ২০১২ সেরা শিল্পী হিসেবে মনোনীত হন তিনি। ২০১১ সালে কোসেনজা প্রদেশের ননফার্মটি শৈল্পিক ইভেন্টে শ্রেষ্ঠ শিল্পীর সম্মান পেয়েছেন। বিশ্বের একাধিক পুরস্কারে তিনি সম্মানিত। বর্তমানে তিনি কাটানজারও প্রদেশের ফেরোলেটো অ্যান্টিকোর বাসিন্দা। সেখানেই তার বিশাল স্টুডিও। আর সেখান থেকেই এঁকে চলেছেন একের পর এক বিখ্যাত ছবি।


More Stories
ঋত্বিক ঘটক : জন্মশতবর্ষে নীলকন্ঠ বাগচীর খোঁজে
দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী
চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন