সময় কলকাতা ডেস্কঃ গাড়ি চেকিং এর সময় এক মহিলা ইন্সপেক্টরকে পিষে দিল গরু পাচারকারীদের গাড়ি। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলা সাব- ইন্সপেক্টরের। হরিয়ানার ঘটনার ছায়া ঝাড়খণ্ডের রাঁচিতে। পিক আপ ভ্যান দিয়ে পিষে খুন করা হয়েছে মহিলা পুলিশ কর্মীকে। মৃত ওই পুলিশ কর্মীর নাম সন্ধ্যা টোপনো।
ঝাড়খণ্ডের রাঁচি শহরের কাছেই জাতীয় সড়কের উপরে চলছিল নাকা চেকিং। পুলিশের কাছে আগেই খবর ছিল, একাধিক গরু পাচারকারীদের গাড়ি ওই রাস্তা দিয়ে যাবে। বলা যেতে পারে পুলিশের এই নাকা চেকিং ছিল গরু পাচারের বিরুদ্ধে পদক্ষেপ। বুধবার ভোরে খুন্তি রাঁচি সীমান্তে টুপদানা আউটপোস্ট এলাকার হুলহুন্দুর কাছে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় আচমকায় একটি সাদা রংয়ের পিকআপ গরু বোঝাই গাড়ি চলে আসে সামনে। রাঁচির টুপদানা আউটপোস্টের দায়িত্বে তখন ছিলেন ওই মহিলা সাব ইন্সপেক্টর। গাড়িটিকে থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু গরু পাচারকারীদের গাড়ি না থেমে, ওই সাব ইন্সপেক্টর এর উপর দিয়ে চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

মহিলা সাব ইন্সপেক্টরকে চাপা দেওয়ার পর সাদা রঙের গরু বোঝাই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদারি পুলিশের ভ্যান পিছু ধাওয়া করলে কিছুদূর যাওয়ার পরেই গরু বোঝায় গাড়িটি উল্টে যায় রাস্তার ধারে। গাড়িতে থাকা গরু পাচারকারীরা পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই গাড়ির ড্রাইভার। গরু পাচারকারীদের ধরতে ইতিমধ্যেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর