সময় কলকাতা ডেস্কঃ টালিগঞ্জের পর এবার বেলঘরিয়া। কোটি কোটি টাকার হদিশ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ২০ কোটির উপর টাকা সহ ৩ কেজি সোনাও উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি।
এদিন অর্পিতার ফ্ল্যাটের বিভিন্ন ওয়্যারড্রোব থেকে উদ্ধার করা হয়েছে মধ্যে ৫০০ ও ২০০০ টাকার নোট। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের সহায়তায় চারটি অত্যাধুনিক মেশিনের সাহায্যে টাকার গোনার কাজ চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান ইডি আধিকারিকদের। ওই মেশিনগুলি দিয়ে প্রতি পাঁচ সেকেন্ডে ১০০টি নোট পর্যন্ত গোনা সম্ভব। সাধারণত কারেন্সি চেস্টে বড় অঙ্কের টাকা গুনতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।
বুধবার সকালেই অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে এ হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানেও দুটি ফ্ল্যাট আছে অর্পিতার। একটি ব্লক টু এবং অন্যটি ব্লক ফাইভে। জানা গিয়েছে, ব্লক ফাইভে অর্পিতার যে ফ্ল্যাট আছে, সেখানেই তালা ভেঙে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।
এদিন বেলঘরিয়ার ওই ফ্লাটে ঢোকার কয়েক ঘন্টা পর থেকেই বাড়তে থাকে ইডির আধিকারিকদের তৎপরতা। সিজিও কমপ্লেক্স থেকে অতিরিক্ত বাহিনীদেরও ডেকে পাঠানো হয় এদিন। বিকেল পাঁচটা নাগাদ তিনটি গাড়ি করে রথতলার ওই ফ্ল্যাটে গিয়ে পৌঁছন ইডি আধিকারিক সহ অতিরিক্ত জওয়ানরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা ফ্ল্যাট। অন্যদিকে অর্পিতার বালিগঞ্জের আবাসনেও টানা ৯ ঘন্টা তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে মিনি ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছিলেন বলেই দাবি অর্পিতার। স্বাভাবিকভাবেই কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এদিন তৃণমূলকে কটাক্ষ করে একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি