Home » টানা ১৪ ঘন্টা ম্যারাথন জেরা মানিককে

টানা ১৪ ঘন্টা ম্যারাথন জেরা মানিককে

সময় কলকাতা ডেস্কঃ প্রায় ১৪ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি দফতর থেকে বেরোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। বুধবার নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তারপর থেকেই চলে জিজ্ঞাসাবাদ। দীর্ঘক্ষণ জেরার পর অবশেষে রাত ১২.১৫ নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে যান মানিক ভট্টাচার্য। এতক্ষণ জেরার ফলে তিনি গ্রেফতার হতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছিল। তবে, শেষমেশ মধ্যরাতে ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি।

সূত্রের খবর, ফের তলব করা হতে পারে মানিক ভট্টাচার্যকে। মানিকের রেকর্ড করা বয়ান ইতিমধ্যেই দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই সবুজ সঙ্কেত মিললেই ফের ডাকা হতে পারে মানিক ভট্টাচার্যকে। পার্থ চট্টোপাধ্যারের বাড়িতে তল্লাশি চলাকালীন ২০১২ সালের টেট পরীক্ষার প্যানেল পাওয়া গিয়েছে। তারপরই ইডি তলব করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে।

গত সপ্তাহের শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা তল্লাশির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। তার ভিত্তিতেই বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদিন বেলা বারোটায় তাঁর হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও, সময়ের দু ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন মানিক ভট্টাচার্য। এরপর মধ্যরাত পর্যন্ত তৃণমূল বিধায়ককে জেরা করা হয়।

সূত্রের মারফত জানা গিয়েছে, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়িতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরপরই তাঁর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই বুধবার সিজিও কমপ্লেক্সে মানিককে তলব করা হয়। হাইকোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তারপরেও স্বস্তি মেলেনি মানিকের।

About Post Author