Home » আদিবাসীর জমির রেকর্ডে জালিয়াতি!ফেরার অভিযুক্তরা

আদিবাসীর জমির রেকর্ডে জালিয়াতি!ফেরার অভিযুক্তরা

সময় কলকাতা ডেস্কঃ একদিকে যখন ভারতবর্ষে এক আদিবাসী জনজাতির প্রতিনিধি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করছেন। অন্যদিকে এই রাজ্যেই আদিবাসীদের জমির রেকর্ডে জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনায় কাঠগড়ায় মুহুরী, যার বিরুদ্ধে লক্ষাধিক টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।

এ কেমন ভারতবর্ষের ছবি! যেখানে একদিকে আদিবাসী জনজাতির অন্যতম প্রতিনিধি দেশের প্রথম নাগরিকের পদে আসীন, সেখানেই প্রকাশ্য দিবালোকে টাকার বিনিময়ে আদিবাসীদের জমি বেহাত হয়ে যাচ্ছে। আদিবাসীদের কাছ থেকে তাঁদেরই জমি রেকর্ড করে দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো মুহুরীর বিরুদ্ধে। একই সঙ্গে আরও অভিযোগ রাতের অন্ধকারে অন্য ব্যক্তির জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাদলীচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা এলাকায়। ঘটনায় প্রতারণার শিকার ঠাকরাম হেমব্রম, লক্ষ্মী মার্ডি, ভজু মুর্মুরা।

পলাতক ওই অভিযুক্ত মুহুরীর নাম পিন্টু মণ্ডল। তার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানা এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ভূমি সংস্কার দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। ভূমি সংস্কার দফতর সূত্রে এও জানানো হয়েছে, পিন্টু মণ্ডল নামের কোন ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরে মুহুরীর কাজ করত না। জানা গিয়েছে, যে নথি আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা ভুয়ো।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই পুলিশের জালে আসবে অপরাধী। কিন্তু এতে কি সমস্যার সুরাহা হবে? এতে কি প্রতারকদের দৌরাত্ম্য কমবে? উত্তরটা হয়ত সময়ই দেবে।

About Post Author