Home » ১০০ টাকার বিনিময়ে কাস্ট সার্টিফিকেট! কাঠগড়ায় শাসক শিবির

১০০ টাকার বিনিময়ে কাস্ট সার্টিফিকেট! কাঠগড়ায় শাসক শিবির

সময় কলকাতা ডেস্কঃ এবার শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ টাকার বিনিময়ে কাস্ট সার্টিফিকেট বিলির অভিযোগ। মুর্শিদাবাদের বড়ঞা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাস্ট সার্টিফিকেট নিতে গেলে পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বকে দিতে হচ্ছে ১০০ টাকা। ঘটনার জেরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
কাস্ট সার্টিফিকেট বিনামূল্যেই দেওয়ার নিয়ম রয়েছে গোটা রাজ্যে। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই টাকার বিনিময়ে সেই সার্টিফিকেট পেতে হচ্ছে গ্রামবাসীদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বড়ঞা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ঘটনার জেরে কার্যত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের দাবি, বিনাপয়সায় যে পরিষেবা পাওয়ার কথা, তা টাকার বিনিময়ে পেতে হচ্ছে। যেখানে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জনসংযোগের খাতিরে নেতা নেত্রীদের পায়ে হাঁটার নিদান দিয়েছেন, সেখানে জেলাস্তরের তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ কার্যত অস্বস্তি বাড়াচ্ছে। এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সভাপতি জীবনকৃষ্ণ সাহার পাল্টা দাবি, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। যদি কেউ অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন, তাহলে দল অবিলম্বে ব্যবস্থা নেবে।

বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা বড়ালের আরও দাবি, গোটাটাই বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত। রাজ্যের তৃণমূল স্তরে লাগাতার টাকার বিনিময়ে পরিষেবা দেওয়ার অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবেই ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামতে হচ্ছে জেলা স্তরের নেতৃত্বদের। কিন্তু এভাবে সাধারণের সমস্যা কি আদতে মিটবে? সেটার উত্তর হয়ত নেতা নেত্রীরাই দিতে পারবেন।

About Post Author