Home » দুর্নীতির অভিযোগে মন্দিরে তল্লাশি

দুর্নীতির অভিযোগে মন্দিরে তল্লাশি

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল খড়দহের শ্যাম সুন্দরজী দেও মন্দিরের ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে। খড়দহের গঙ্গা তীরবর্তী শ্যাম সুন্দরজী দেও মন্দিরে প্রতিনিয়ত বহু দর্শনার্থীর সমাগম হয়। প্রণামী হিসেবে টাকা পয়সা সহ সোনাদানাও জমা পড়ে মন্দিরে। সেই টাকা পয়সা সোনাদানা লুট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এন্ড অফিশিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে শনিবার তল্লাশি চালানো হয় শ্যাম সুন্দরজী দেও মন্দিরে। শুধু সোনাদানা টাকা পয়সা লুটের পাশাপাশি আরো অভিযোগ ছিল দীর্ঘ ৮ বছর ধরে এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের কোন ইলেকশন হয় না ,৮ বছরে কোন অডিট হয়নি। প্রতিদিনের আয়-ব্যায়ের কোন হিসাব রাখা হয় না।

দীর্ঘক্ষণ তল্লাশির পরে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এন্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো ট্রাস্টি বোর্ড ভেঙে ফেলা হয়েছে। নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। তদন্তে যে সমস্ত প্রমাণপত্র পাওয়া গিয়েছে তার একটা কপি স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হবে এবং রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। ম্যানেজারের ঘরে আলমারিতে অসুরক্ষিত অবস্থায় যে সোনার অলংকার ছিল, সেই অলংকার সুরক্ষিত একটি ভল্টে রাখা হবে। তদন্তের পরে এই চরম অব্যবস্থার জন্য যারা দায়ী, তাদের প্রতি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

About Post Author