Home » আমার কোনও টাকা নেই : পার্থ

আমার কোনও টাকা নেই : পার্থ

 

সময় কলকাতা ডেস্কঃ আমার কোনও টাকা নেই। কারা ষড়যন্ত্র করেছে, সময় আসলেই নাম বলব। রবিবার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ঠিক এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কিসের ইঙ্গিত দিলেন পার্থ? আরও কেউ কি জড়িত এই দুর্নীতিতে? কাদের নাম বলবেন বলে জানালেন পার্থ? তাঁর এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।

হাইকোর্টের নির্দেশ মতো রবিবার ফের স্বাস্থ্য পরীক্ষা করতে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। হাসপাতালে ঢোকার সময়ই এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তবে, অর্পিতা মুখে কুলুপ এঁটেছিলেন এদিনও।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার ইডি’র নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তি। ইতিমধ্যেই শনিবার সকাল পর্যন্ত অর্পিতার মোট ৮ টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অর্পিতার পরিবার-পরিচিতদের আর্থিক লেনদেনের দিকেও নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একটি ভুয়ো সংস্থার নামে অর্পিতার মোট আটটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বলেই জানা গিয়েছে।

শনিবার সেই অ্যাকাউন্টগুলিই ফ্রিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই কি বেআইনি আর্থিক লেনদেন চলত? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে জানা গিয়েছে,অনন্ত টেক্সটাইল প্রাইভেট লিমিটেড নামের একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন চলত পার্থ-অর্পিতার। এমনকী ওই টেক্সটাইল সংস্থার মালিকের সঙ্গে নাকি মধুর সম্পর্ক ছিল পার্থর। খুব শীঘ্রই ওই সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রথম থেকেই এই সংস্থার উপর নজর রাখছিল ইডি।

About Post Author