সময় কলকাতা ডেস্ক: বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের মৃত্যু হয়েছে শনিবার রাতে। খ্যাতনামা এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর দক্ষিন ২৪ পরগনার জয়নগরে এসে পৌঁছতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ৩০ সেপ্টেম্বর ১৯৩৮ জয়নগরেই জন্ম হয়েছিল কিংবদন্তী এই শিল্পীর। জয়নগর মজিলপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তাই নেমে এসেছে শোকের ছায়া।
অগোচরেই যাওয়ার ডাক পেয়েছিলেন সুরজগতে নক্ষত্র। মাঝরাতেই তিনি আকাশের পথে পাড়ি দিলেন। দীর্ঘদিন ধরে শরীরের ব্যাধির সঙ্গে লড়তে লড়তে শনিবার হার মেনে নিলেন শিল্পী নির্মলা মিশ্র। তাঁর শৈশবের বেশ কয়েকটা বছর জয়নগরেই কেটেছে। পরে বাবার কর্মসূত্রে বদলি হয়ে যাওয়ায় কলকাতার চেতলার বাড়িতে বসবাস শুরু করেন। যদিও জয়নগরের ১৩ নম্বর ওয়ার্ডের প্রতি তাঁর ভালোবাসা অটুট ছিল। তবে তাঁর পৈতৃক বাড়িটি সংস্কারের অভাবে কার্যত জরাজীর্ণ। এই বাড়িটার মতই শোকে বিহ্বল জয়নগরবাসী।
শিল্পীকে শ্রদ্ধা জানাতে স্থানীয় পুরসভার উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডে তাঁর একটি আবক্ষ মূর্তি বসানো হবে। পাশাপাশি বাড়িটিকে সংস্কারের কথাও ভাবা হচ্ছে পুরসভার তরফে। পাশাপাশি সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে আগামী দূর্গাপুজোয় জয়নগরের সমস্ত পুজো প্যান্ডেলে যাতে নির্মলা মিশ্রের গান বাজানো হয়, তা সমস্ত পুজো উদ্যোক্তাদের অনুরোধ করেছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

বাংলা সঙ্গীতজগত আজ হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্রকে। নির্মলা মিশ্রের প্রয়াণে গোটা বাংলা শোকস্তব্ধ।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র