Home » আফ্রিকার বাইরে প্রথম মৃত্যু মাঙ্কি পক্সে

আফ্রিকার বাইরে প্রথম মৃত্যু মাঙ্কি পক্সে

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ রোগ। মাঙ্কি পক্স সংক্রমণে এবার ব্রাজিলে ৪১ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হল। এতদিন শুধু আফ্রিকাতেই মাঙ্কিপক্সে সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই প্রথম আফ্রিকার বাইরে কোনও দেশে এই রোগে মৃত্যুর ঘটনা ঘটল। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে। ব্রাজিলে মাঙ্কিপক্স সংক্রমণ প্রায় ১ হাজারে পৌঁছে গিয়েছে। সংক্রমিতদের অধিকাংশই সাও পাওলো ও রিও ডি জেনেইরোর বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে।

ইতিমধ্যেই ৭৮টি দেশে ১৮ হাজার মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিশ মিলেছে। এবার সেই আতঙ্ক আরও বাড়িয়ে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সে মৃতের সন্ধান মিলল। ভারতে এখনও পর্যন্ত কেরলের তিন জন ও দিল্লির একজন এবং হিমাচলে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ পাওয়া গিয়েছে।

হিমাচল প্রদেশে মাঙ্কি পক্সে সংক্রমিতের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। সম্প্রতি তিনি অন্য কোনও রাজ্যে বেড়াতে যাননি বলেই খবর। তাঁর শরীরে জ্বর ও গায়ে ফুসকুড়ি দেখা গিয়েছে। সম্প্রতি তিনি যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও সতর্ক হতে বলা হয়েছে।

উল্লেখ্য, মাঙ্কিপক্সকে এক ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’-এর তরফে জানানো হয়েছে,ইতিমধ্যেই ৭০ টিরও বেশি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব এক‘অভূতপূর্ব’পরিস্থিতি, তাই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Post Author