Home » ভুয়ো সংস্থার নামে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদে সরব যুবকের দল

ভুয়ো সংস্থার নামে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদে সরব যুবকের দল

সময় কলকাতা ডেস্কঃ থ্যালাসেমিয়ায় আক্রান্তদের চিকিৎসার নামে রমরমিয়ে চলছে তোলাবাজি। থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন যুবক এই ঘটনা টের পেতেই প্রতিবাদে সোচ্চার হয়। প্রথমবার অভিযুক্তরা শাস্তি না পেলেও দ্বিতীয়বার তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন ওই যুবকরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতায়ালি থানা এলাকায়।

থ্যালাসেমিয়া সম্পর্কে প্রত্যেকের সচেতন মানুষেরই একটু দুর্বলতা থাকে। আর তাঁদের সহযোগিতার জন্য যখন কোনও বয়স্ক মহিলা সাহায্য চাইতে আসেন, তখন অর্থের অনুদান না দিয়ে কেউই এড়িয়ে যান না। আর এই মানসিকতাকে হাতিয়ার করে বারুইপুরের একটি ভুয়ো সংস্থার নাম করে বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও তোলাবাজি করছিলেন দুই মহিলা। কৃষ্ণনগরের বেশ কয়েকজন যুবক এই কাণ্ড টের পেতেই প্রতারকদের ধরতে বেড়িয়ে পড়েন। প্রথমে শান্তিপুরের একটি দোকান থেকে তাঁরা হাতেনাতে ধরে ফেলেন ওই দুই মহিলাকে। কিন্তু শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হলেও বেশ কয়েক ঘন্টা বাদে তাদের ছেড়ে দেওয়া হয়। থানা সূত্রে জানা যায়, নির্দিষ্টভাবে কোনো অভিযোগ পত্র না থাকায় সব জানার পরও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। যদিও এতে থানার সঙ্গে ওই প্রতারকদের যোগাযোগ আছে বলেই অভিযোগ করেন প্রতিবাদী যুবকরা।

যদিও শুক্রবার কৃষ্ণনগরের পাত্র বাজারে ফের দুই মহিলাকে তোলাবাজি করার অভিযোগে হাতেনাতে ধরে ফেলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাদের নিয়ে আসা হয় কোতোয়ালি থানায়। একইভাবে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার কথা আসতেই বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা। থানার তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও তা বাস্তবায়িত হওয়ার আশা দেখতে পাননি প্রতিবাদী যুবকরা। এরপর সংবাদমাধ্যম গিয়ে হস্তক্ষেপ করলে লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। যদিও অভিযুক্তদের দাবি, তারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও টাকা তুলে ভুল করে ফেলেছেন। তারা এই বিষয়ে জানতেন না কিছুই।

থ্যালাসেমিয়ার নামে কার্যত সাধারণের কাছ থেকে টাকা লুট করে ওই সংস্থা । অথচ ওই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি, এমন অভিযোগই বারবার করে এসেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার যুবকরা। বারবার অভিযোগের পরও কেন কোনও সুরাহা হল না, সেই প্রশ্নের উত্তরটা জানা নেই কারোরই।

About Post Author