Home » বিজেপি-জেডিইউ সম্পর্ক শেষ,নতুন সমীকরণ বিহারে

বিজেপি-জেডিইউ সম্পর্ক শেষ,নতুন সমীকরণ বিহারে

সময় কলকাতা ডেস্কঃ সম্পর্ক শেষ হল বিজেপি- জেডিইউ এর। দীর্ঘ বৈঠকের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ কুমার। বেশ কিছুদিন ধরেই বিহারে রাজনীতিতে তোলপাড় চলছিল। প্রশ্ন ছিল সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এবার কি তাহলে বিজেপি জেডিইউ সম্পর্ক ছিন্ন হতে চলেছে? সে প্রশ্নের অবসান ঘটলো নিতিশ কুমারের সিদ্ধান্তে। মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল সমস্ত শিবিরে। পাটনাতে নিজের বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে সকাল থেকেই বৈঠক করেন নীতিশ কুমার। অন্যদিকে তেজস্বী যাদব আর জে ডি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নিজের বাড়িতেই। কংগ্রেস বিধায়করাও বৈঠক করেছিলেন পার্টি অফিসে। সিপিআই তাদের বিধায়কদের নিয়েও নতুন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। বিজেপি নেতা ভিক্ষু ভাই দালসানিয়া এবং সঞ্জয় জসওয়াল উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের বাড়িতে বৈঠকে বসেছিলেন দলীয় বিধায়কদের নিয়ে। প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে নীতিশ কুমার বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা করেন। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় সরকারের একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন না নীতিশ কুমার।

সম্প্রতি, নীতি আয়োগের বৈঠকেও দেখতে পাওয়া যায়নি নীতিশ কুমারকে। তখন থেকে প্রশ্ন উঠছিল তাহলে কি সম্পর্কে চিড় ধরেছে? জেডিইউ-র প্রাক্তন নেতা রামচন্দ্র প্রসাদ সিং ওরফে আরসিপি সিং কে দল বহির্ভূত কাজের জন্য বহিষ্কার করেছিলেন নীতিশ কুমার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে জেডিইউ ভাঙ্গার চেষ্টা করছেন আরসিপি সিং। খানিকটা মহারাষ্ট্রের কায়দায় বিহারের সরকার ফেলার চক্রান্ত করছিল বিজেপি। সেই অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন জেডিইউ এর একাধিক নেতা। মহারাষ্ট্রের একনাথ শিন্ডের মতন বিহারেও আরসিপি সিংকে সামনে রেখে দল ভাঙানোর খেলায় মেতেছে বিজেপি বলেও অভিযোগ ছিল জেডিইউ এর। রবিবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে নীতিশ কুমারের কথা হওয়ার পর অবস্থার পরিবর্তন ঘটে। আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব জানিয়ে দিয়েছেন নীতিশ কুমারকে সমর্থনের কথা।

অন্যদিকে সমর্থন জানাবে কংগ্রেস সে ইঙ্গিতও পরিষ্কার। সিপিআই এই নতুন জোটকে স্বাগত জানিয়েছে। ফলে বিজেপি ব্যতীত আরজেডি ,জেডিইউ ,কংগ্রেস, সিপিআই সমর্থনে নতুন সরকার গঠন হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের। অন্যদিকে বিজেপিকে সমর্থন জানাতে পারেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পাশওয়ান) এর নেতা, চিরাগ পাশওয়ান। মঙ্গলবারই বৈঠক হতে পারে তেজস্বী যাদব ও নীতিশ কুমারের। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর উদ্যোগেই এ বৈঠক হতে পারে বলে মত রাজনৈতিক মহলে। ২০১৭ সাল পর্যন্ত বিহারের রাজনীতিতে জেডইউ, আরজেডি ,কংগ্রেস এর মহাজোট সরকারে ছিল। পরবর্তী ক্ষেত্রে নীতিশ কুমার জোট থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গ নেয়। সেই পুরোনো জোট আবার বিহারের রাজনীতির ময়দানে ফিরে আসছে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

তারই প্রথম পদক্ষেপ হিসেবে বিকেল চারটে নাগাদ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন নীতিশ কুমার। নীতিশ কুমারের পদত্যাগ নতুন জোটের সমীকরণের প্রথম ধাপ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। মঙ্গলবার সন্ধ্যাতেই নীতিশ কুমার- তেজস্বী যাদবের বৈঠক হতে পারে। নতুন জোটে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন, উপমুখ্যমন্ত্রী হবে আরজেডি থেকে। সেক্ষেত্রে কংগ্রেস মন্ত্রিত্ব নিতেও পারে অথবা পাশে থেকে সমর্থনও জানাতে পারে। এখন দেখার এই উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি কি করে?

About Post Author