সময় কলকাতা ডেস্কঃ সোয়াইন ফ্লু আতঙ্কে শূকর মারার জন্য ক্ষতিপূরণ হিসেবে কেরালা সরকারকে খেসারত দিতে হবে কয়েক লাখ টাকা। এমনটাই জানিয়েছেন কেরালার পশুপালন ও দুগ্ধ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জে চিনচুরানি। শূকর মারার ক্ষতিপূরণ হিসেবে এই টাকা পশু খামারের সাতজন কৃষককে দেওয়া হবে বলেই জানিয়েছেন মন্ত্রী। সম্প্রতি সোয়াইন ফ্লু সংক্রমণ রুখতে ওয়েনাডে ৭০২ এবং কান্নুরে ২৪৭ টি শূকর মেরে ফেলা হয়েছিল। তারপরেই বিরাট ক্ষতির মুখে পড়েন পশু চাষিরা।

করোনা এবং মাঙ্কি পক্স সংক্রমণের রেশ এখনো কাটেনি। তারই মধ্যে গত জুলাই মাসে সোয়াইন ফ্লু আতঙ্ক ছড়ায় ওয়েনাড এবং কান্নুর জেলায়। কেরলের ওয়ানাড়ে একটি পশু খামারের মধ্যে বেশ কিছু শূকরের মৃত্যুর পরই সেসময় নড়েচড়ে বসে প্রশাসন। তারপরই পরীক্ষা করে জানা গিয়েছিল, আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত ওই পশুরা। পরে দেখা যায়, পার্শ্ববর্তী খামারগুলিতেও ওই ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়েছে।
পূর্বেও উত্তরাখণ্ড,ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, বিহার, অসমেও আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। যা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কার্যত সে কারণেই কেরল সরকারের আধিকারিকরা বর্তমানে দুই জেলা মিলিয়ে ৭০০-রও বেশি শূকর মেরে ফেলেন,যাতে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে। আর সেই জন্য খামারের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়েছিল। এছাড়াও অন্যান্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আফ্রিকান সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়েছিল দক্ষিণ মিজোরামের লুঙ্গলেই জেলার লাঙ্গসেন গ্রামে। গত বছরও এখানে এই একই রোগে প্রায় ৩৩ হাজার ৪১৭ শূকর মারা গিয়েছিল।

জানা গিয়েছে,মোট সাতজন পশু খামারের মালিককে এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ক্ষতিপূরণের টাকা আগামী ১১ অগাস্ট ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় বরাদ্দের জন্য অপেক্ষা না করেই, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে এলাকায় একবার এই রোগ ছড়াবে, সেখানকার মানুষদেরও সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যাতে শূকরের মাংস কেউ না খান তা নিশ্চিত করতে হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে কেরল প্রশাসন।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির