Home » মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী!

মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী!

সময় কলকাতা ডেস্ক: নতুন রূপে হাজির মোহনবাগান তাঁবু। আধুনিকতার মোড়কে সাজিয়ে তোলা হয়েছে সেই তাঁবুকে। এর‌ই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বুধবার বিকেলে। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এই প্রথমবার মোহনবাগান তাঁবুতে পা রাখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগেও রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় থেকে শুরু করে প্রফুল্ল সেন, জ্যোতি বসুর মতো রাজনীতিবিদরা মুখ্যমন্ত্রী হিসেবে মোহনবাগান তাঁবু পরিদর্শন করে গিয়েছেন। তবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হ‌ওয়ার পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান তাঁবুতে আসছেন। তাই তাঁর নিরাপত্তায় যাতে কোনও ফাঁকি না থেকে যায়, তাই নিয়ে যথেষ্ট কড়া নজরদারি রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানের জন্য ক্লাব তাঁবুর উল্টো দিকের লনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে।

এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগানের অধিনায়ক এবং রত্ন সম্মানে ভূষিত ক্রীড়াবিদরা। এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।

নতুন তাঁবুতে সাজঘরের নাম রাখা হয়েছে প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগান রত্ন শৈলেন মান্নার নামেই। প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে প্রবাদপ্রতিম চুনী গোস্বামীর নামে। অমর একাদশ যে বেঞ্চটি ব্যবহার করতেন, আগামী দিনে সেই বেঞ্চটিকে হেরিটেজ উদ্যানে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাখা হচ্ছে জায়েন্ট স্ক্রিন, যাতে দর্শকরা বিশেষভাবে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন।

About Post Author