Home » অষ্টমবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ নীতিশ কুমারের

অষ্টমবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ নীতিশ কুমারের

সময় কলকাতা ডেস্কঃ রেকর্ড গড়াই যেন নীতিশ কুমারের ইউএসপি। লাগাতার মু্খ্যমন্ত্রী পদে বহাল থাকাটাই যেন তাঁর ক্যারিশমা। ২০০০ থেকে ২০২২, শেষ ২২ বছরের মধ্যে অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করবেন নীতিশ কুমার। এক‌ইসঙ্গে রয়েছে নিজস্ব হ্যাট্রিক‌ও। ২০০০ সালে প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন মাত্র সাতদিনের জন্য। নির্ধারিত সংখ্যায় বিধায়কের সমর্থন না পাওয়ায় সেবার পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। এরপর ২০০৫ সালে বিজেপি ও এলজেপির সঙ্গে জোট বেঁধে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি। আবার ২০১০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের ভোটে জিতে যান এবং মুখ্যমন্ত্রী পদে আসীন হন নীতীশ কুমার। ২০১৫ সালের ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে পরপর দু’বার মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করেছিলেন তিনি। ২০১৪ সালের মে মাসের লোকসভা নির্বাচনে জেডি(ইউ)-র খারাপ পরিস্থিতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দিয়েছিলেন নীতিশ কুমার। ২০১৫র ফেব্রুয়ারিতে জিতনরাম মাঝিকে সরিয়ে ফের মুখ্যমন্ত্রী হন তিনি। ওই বছরের‌ই নভেম্বর মাসে কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট বেঁধে ভোটে জিতে যায় জেডি(ইউ)। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নীতিশ কুমার। ২০১৭ সালের জুলাই মাসে মহাজোট থেকে বেরিয়ে আসেন জেডি(ইউ) সুপ্রিমো এবং আরও একবার বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন হন তিনি।

এদিকে ২০২০ সালে বিধানসভার নির্বাচনে জেডি(ইউ) মাত্র ৪৩টি আসন পায়। অন্যদিকে বিজেপির হাতে ছিল ৭৪টি আসন। কিন্তু বিজেপির তরফে নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে রেখে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিজেপির সঙ্গে সেই জোট ভেঙে ফের কংগ্রেস, আরজেডির হাত ধরেছেন নীতিশ কুমার। আর এতেই মহারাষ্ট্র মডেল প্রয়োগের সুযোগটা হাতছাড়া হল বিজেপির। এক‌ইসঙ্গে বিহারে আচমকা খোয়াতে হল সরকার‌ও। কয়েক ঘণ্টার মধ্যে পালাবদল ঘটালেন জোটবদলের তারকা নীতিশ কুমার। পাটলিপুত্রের ভূমিক্ষয় একেবারেই টের পাননি নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। বুধবার দুপুর দুটোয় শপথ নিতে চলেছেন নীতিশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন লালু পুত্র তেজস্বী যাদব।

কিন্তু হঠাৎ নীতিশ কুমার এই সিদ্ধান্ত কেন নিলেন? শুধুই কি বিজেপির সঙ্গে তিক্ততা কাজ করছে? নাকি অন্য কোন পরিকল্পনা রয়েছে তাঁর? ২০২৪ সালে বিরোধী জোটের হয়ে প্রধানমন্ত্রী পদের লক্ষ্যে তিনি দৌড়াচ্ছেন না তো? বিহারের কুর্সিতে তেজস্বীকে দায়িত্ব দিয়ে নীতিশ কুমারের শেষ ইনিংসের টার্গেট কি দিল্লির মসনদ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

About Post Author