সময় কলকাতা ডেস্ক: “১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ইন্ডিয়াতে দুটি স্বাধীন ডোমেনিয়ন গঠিত হবে যাদের পরিচয় হবে ইন্ডিয়া এবং পাকিস্তান..” এমনটাই লেখা রয়েছে ‘দ্য ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট অফ ১৯৪৭’-এ। একটা সীমান্তরেখা সেদিন আলাদা করে দিয়েছিল দুটি জাতিকে। স্বাধীনতা তো এল দিটো দেশেরই, কিন্তু বড় যন্ত্রণা দিয়ে এল।

১৯৪৭ সালের ১৪ অগস্ট, ঝমঝমিয়ে বৃষ্টি। রাত নটার সময় বৃষ্টির মধ্যেই সাধারণ মানুষের ঢল নেমে গিয়েছিল দিল্লির রাজপথে। রাত দশটা। মাউন্টব্যাটেনের ভাইসরয় হাউসে পৌঁছে গিয়েছিলেন জহরলাল নেহেরু, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং বল্লভ ভাই প্যাটেল। স্বাধীনতার আগের দিন রাতে সেখানে উপস্থিত ছিলেন না গান্ধীজি। স্বাধীনতা লাভের শুভক্ষণে উপস্থিত থাকার জন্য গান্ধীজিকে বারবার অনুরোধ করেছিলেন জহরলাল নেহেরু এবং বল্লভ ভাই প্যাটেল । কিন্তু গান্ধীজী তখনও ছিলেন অনশনে। দেশভাগ সাধারণ জনগণের জীবনকে যেভাবে রক্তাক্ত করে তুলেছিল তার প্রতিবাদে কলকাতার এক বাড়িতে তিনি শুরু করেছিলেন অনশন।
৪৭ এর সেই ঐতিহাসিক মধ্যরাত থেকে আজ পর্যন্ত ভারত স্বাধীনতা পালন করে আসছে ১৫ আগস্টেই। কিন্তু একই সঙ্গে স্বাধীনতা পেলেও পাকিস্তান রাষ্ট্র স্বাধীনতা পালন করে ১৪ আগস্ট।
পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট পালিত হওয়ার পিছনে মূলত ২টি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যা অনুসারে, ব্রিটিশ শাসনাধীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ‘স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে’র হাতে ক্ষমতা হস্তান্তর করেন ১৪ আগস্ট। পাকিস্তান রাষ্ট্রের জনক তথা সেদেশের প্রথম গভর্নর জেনারেল মহঃ আলি জিন্না ১৫ আগস্টকেই স্বাধীন পাকিস্তানের জন্মদিবস হিসাবে চিহ্নিত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে পাক নেতৃত্ব যৌথভাবে ১৪ আগস্ট অর্থাৎ ভারতের থেকে ১ দিন আগে স্বাধীনতা দিবস উদযাপন করার উপর শিলমোহর দেয়।

অনেকে বলেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ ১৯৪৭ স্বাক্ষরিত হয় মধ্যরাতে নতুন দিল্লীতে। পাকিস্তানের সময় এর আধঘণ্টা আগে। অর্থাৎ পাকিস্তানের সময় অনুযায়ী সেটা ১৪ই আগস্ট রাত সাড়ে ১১টা। অন্য ব্যাখ্যা বলছে, ইসলামিক চান্দ্র ক্যালেন্ডার মতে, রামজানের ২৭তম দিন হল ১৪ আগস্ট এবং ইসলাম বিশ্বাস অনুসারে দিনটি শুভ। ফলে, মুসলিম প্রধান পাকিস্তান ‘শুভ’ ১৪ আগস্টকে বেছে নেয় দেশের স্বাধীনতা দিবস হিসাবে।


More Stories
সত্যজিতের চোখে উত্তম কুমার
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস