Home » নৃত্যের তালে তালে স্বাধীনতার উদযাপন

নৃত্যের তালে তালে স্বাধীনতার উদযাপন

সময় কলকাতা ডেস্কঃ ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনার বাধা পেরিয়ে নতুন করে তিরঙ্গায় সেজে উঠেছে কলকাতার রেড রোড। সোমবার এই বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ থেকে পুষ্পবৃষ্টি, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার সম্মানে ভূষিত করার পাশাপাশি ১১ জন আইপিএস অফিসারকে বিশেষভাবে সম্মান জানানো হয়। তাঁরা হলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার রূপেশ কুমার বাঘেল, আকাশ মাঘারিয়া, জয়িতা বসু এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন।

রেড রোডের কুচকাওয়াজে একাধিক সরকারি প্রকল্পের পাশাপাশি দুর্গাপুজোর ট্যাবলো প্রদর্শিত হওয়ার সময় মুখ্যমন্ত্রীর কন্ঠে শোনা গিয়েছে স্তোত্রপাঠও। সোমবারের অনুষ্ঠানে গানের তালে তাল মেলাতে শিল্পীদের সঙ্গে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের আদিবাসী সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করতে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। গানের প্রতিটি ছন্দে সাবলীলভাবে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আদিবাসী শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও নাচ করে নেন সকলের সঙ্গে। বেশ কিছুক্ষণ আনন্দ ভাগ করে নেওয়ার পর মূল মঞ্চে ফিরে যান মুখ্যমন্ত্রী।

স্বাধীনতা দিবসের দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় বৃষ্টি মাথায় করেই রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পড়ুয়ারা। বেশ কিছু দল বর্ষাতি পরেও এই অনুষ্ঠানে প্রদর্শন করেন। অন্যান্যবারের মত এবারও রেড রোডের কুচকাওয়াজে সামিল করা হয় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, খাদ্যশ্রী, স্বাস্থ্য সাথীর মত বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলোগুলিকেও। রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, জুন মালিয়া, কুণাল ঘোষ, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা সহ একাধিক মন্ত্রী- বিধায়ক- নেতারা।

About Post Author