Home » খেলা হবে দিবসের নেপথ্যে কিছু কথা

খেলা হবে দিবসের নেপথ্যে কিছু কথা

সময় কলকাতা ডেস্কঃ দেবাংশু ভট্টাচার্যের গলায় জনপ্রিয় হয়েছিল ‘খেলা হবে’ গানটি। সেই গান থেকে সোজা উদযাপনের দিন হয়ে যাবে, সে কথা বোধহয় কেউই ভাবতে পারেনি। কিন্তু সেই ভাবনাকেই বাস্তবের রূপ দিয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। হুইল চেয়ারে বসে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন দর্শকদের দিকে ফুটবল ছুঁড়ে দিতে দিতেই তিনি ঘোষণা করেছিলেন, খেলা হবে দিবস পালন করা হবে রাজ্যজুড়ে।

২০২১ সালে একটি সভা মঞ্চ থেকে এই দিন ঘোষণার কথা নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এই দিনটিকেই খেলা হবে দিবস বলে ঘোষণা করা হল? কলকাতার বুকে এই ১৬ অগাস্ট একটি ফুটবল ম্যাচকে ঘিরে ঘটে গিয়েছিল মর্মান্তিক কাণ্ড। ১৯৮০ সালে এই দিনটিতেই ইডেন গার্ডেনের কলকাতা লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কোচ পিকে ব্যানার্জি আর মোহনবাগানের কোচ অমল দত্তের দলের মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত সমর্থকরা।
কারণ ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রায় সমস্ত ট্রফির দখল নেওয়া ইস্টবেঙ্গল দলকে কোণঠাসা করতে ১৯৭৮ সালে ঘুরে দাঁড়িয়েছিল মোহনবাগান। সেই থেকে তুঙ্গে পৌঁছল বাঙাল-ঘটির বাকযুদ্ধ। ১৯৮০ সালের ফেডারেশন কাপে অথচ যুগ্ম বিজয়ী হয়ে ক্ষান্ত থাকতে হয় দুই দলকে। সেই খেলার উত্তেজনা উপচে পড়ে ১৬ আগস্ট ইডেনের ডার্বি ম্যাচে। গ্যালারির উত্তেজনা হাতাহাতি থেকে রীতিমতো লাথালাথিতে পরিণত হয়। এই ডামাডোলের জেরেই পায়ের নিচে চাপা পড়ে মরতে হয় ১৬ জন দর্শকদের।
ওই মর্মান্তিক দিনটার কথা মাথায় রেখেই ‘খেলা হবে’ দিবস হিসেবে পালনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ক্লাবগুলিকে আর্থিক সাহায্য ও জার্সি এবং ১ লক্ষ ফুটবলও উপহার দেওয়ার কর্মসূচিও পালিত হয় প্রথম বছর।

২০২২ এর ১৬ অগাস্ট, মঙ্গলবার সকালেও মমতা বন্দ্যোপাধ্যায় ফের খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান টুইটে। রাজ্যের তরুণদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী জানালেন, ‘২০২১এ এই দিনটা খুব ভাল ভাবে পালন করা হয়েছিল। এ বছর আরও বেশি করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ করুক।’ এদিন গোটা রাজ্যের পাশাপাশি ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং আইএফএ অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় ‘খেলা হবে দিবস’ পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা দিয়েই।

About Post Author