Home » সীমান্ত যখন মিলে যায় সুরের তরঙ্গে

সীমান্ত যখন মিলে যায় সুরের তরঙ্গে

স্বর্ণালী তালুকদার, সময় কলকাতা: ৭৫ বছরের বর্ষপূর্তিতে আপামর ভারতবাসী স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, সেই সময় নীল মেঘের নীচে বসে তুলি ডুবিয়ে প্রকৃতির আপন সাম্রাজ্যে রবাবের সুর তরঙ্গে ভারতীয় জাতীয় সঙ্গীত একমনে বাজিয়ে চলেছেন শিল্পী সিয়াল খান। তবে জায়গাটা ভারতবর্ষ নয়। তাঁর আদিভূমিও এই দেশ নয়। তিনি প্রতিবেশী দেশের বাসিন্দা। কিন্তু সঙ্গীতের তো কোনও সীমান্ত হয় না। তফাৎটা শুধু এখানেই।

শিল্পীর বাদ্যযন্ত্রের সময়ে অসময়ে ভেসেছে বিচ্ছেদ তান। তন্ত্রীর সরগমে যেন লুকিয়ে রয়েছে কান্নাভেজা ইতিহাসের ক্ষত। কিন্তু সেই ক্ষতকে ভুলিয়ে দিতে পারে রবাবের হৃদয়বিদারক সুর। তাই বাদ্যযন্ত্রকে সঙ্গী করে নিয়ে মানচিত্র, সময়কাল মেনেই ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে শ্রোতাদের উপহার দিতে হাজির সিয়াল। অনেক না পাওয়ার আক্ষেপ, অনেক ব্যথা বেদনার অবসান হতে পারে সেই সুর শুনে।

তবে সিয়াল এই প্রথম ভারতীয় সঙ্গীতকে রবাবের সুরে মন্ত্রমুগ্ধ করে তোলেননি। এর আগেও বিভিন্ন সময়ে বলিউডের বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমার নেপথ্য সঙ্গীত নিয়ে কাজ করতে দেখা গিয়েছে। খাইবার পাখতুনখোয়ার দির জেলার বাসিন্দা এই শিল্পী ঘুরে ঘুরে সুরের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে ভালোবাসেন। ভ্রমনপিপাসু হওয়ার দরুণই বোধহয় হৃদয়ের সুর খুঁজে নিতে অসুবিধা হয়নি সিয়ালের। টুইটারে ইতিমধ্যে ভাইরাল হওয়া ভারতীয় জাতীয় সঙ্গীতের সুর ক্রমশই মন ছুঁয়ে চলেছে লক্ষ লক্ষ মানুষের।

About Post Author