Home » পুর-উপনির্বাচন :মানুষের ওপরে কি ভরসা নেই তৃণমূলের?

পুর-উপনির্বাচন :মানুষের ওপরে কি ভরসা নেই তৃণমূলের?

সময় কলকাতা ডেস্ক : এই কপি যখন লেখা হচ্ছে, তখন বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে পুর-উপনির্বাচন চলছে। কিছুক্ষন পরে ভোটপর্ব শেষ হবে। কোনও এক পক্ষ জিতবে। নির্বাচন জেতার প্রাথমিক শর্ত হল ভোট করাতে হয়। ফলে সবসময় যে অবাধ শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয় তাও নয়। অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগও ওঠে। বনগাঁ ১৪ নম্বর ওয়ার্ডে পুর- উপনির্বাচন চলছে। এবারও অভিযোগের ঘনঘটা। অভিযোগ – পাল্টা অভিযোগের মধ্যেও একটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য।শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তিনটি বিরোধী দল একযোগে যা অভিযোগ করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বিরোধী দলের নেতারা বা তাঁদের দেহরক্ষীরা আক্রান্ত হচ্ছেন। ১৪ নম্বর ওয়ার্ডের ৬টি বুথ থেকেই সব বিরোধী দলের এজেন্টদের মেরে তাড়িয়ে দিয়েছে তৃণমূল, অভিযোগ তুলে সকাল থেকে বনগাঁ অবস্থান বিক্ষোভের স্থান হিসেবে চিহ্নিত বাটার মোড়ে চলে অবরোধ। দুপুর হতেই অবরোধ উঠে যায়।বেলা হতেই বিরোধীদের আর বিশেষ দেখা নেই। প্রশ্ন উঠছে এ কেমন ভোট? এ কেমন গণতন্ত্র?

মাস ছয়েক আগে ১৪ নম্বর ওয়ার্ডে ১৩৬১ ভোট পেয়ে জিতেছিল তৃণমূল। ৩৮৬ ভোটে জিতেছিলেন তৃণমূল নেতা দিলীপ দাস। তাঁর প্রয়াণের পরে উপনির্বাচন হচ্ছে এবং উল্লেখ্য,রাজ্যে ক্ষমতায় তৃণমূল। বনগাঁ পুরবোর্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। তাহলে কি এমন হল যে নির্বাচনে এত অভিযোগ উঠছে?

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঠিক একমাস আগের ২১ জুলাই শহীদ দিবসের পর থেকে তৃণমূলের দুই নেতা ও মন্ত্রীর গ্রেফতারের পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। এমতাবস্থায় আর ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। কারণ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ ও আত্মীয়- পরিজনদের হিসাব বহির্ভূত প্রভুত সম্পত্তির চিত্র ও অভিযোগ সামনে আসতেই প্রমাদ গুনছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা রয়েছে। হতে পারে একটি ওয়ার্ডে পুর- উপনির্বাচন ৫০০০ এর চেয়েও কম পুরনাগরিকের মতপ্রকাশ , কিন্তু এই ভোটের ফল অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে।তৃণমূল থেকে জনগণ মুখ ফেরাচ্ছেন( যে সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে রয়েছে) -এরকম বার্তা তৃণমূল নেতৃত্ব মোটেই সামনে আসতে দিতে চায় না , মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।তাঁরা মনে করছেন জনগণের ওপরে ভরসা তলানিতে ঠেকেছে তৃণমূলের, এবারের বনগাঁ উপনির্বাচনের চিত্র অন্তত তাই বলছে।আর তাই এবার পুর-উপনির্বাচনে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ।

About Post Author