Home » ট্রলার ডুবি! ভারতীয় জলসীমায় উদ্ধার ৫৫ মৎস্যজীবী

ট্রলার ডুবি! ভারতীয় জলসীমায় উদ্ধার ৫৫ মৎস্যজীবী

সময় কলকাতা ডেস্কঃ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ভারতীয় মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার হয় অন্তত ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। তাঁদের উদ্ধার করে ভারতীয় জলসীমায় পাড়ে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার প্রবল দুর্যোগে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশের ট্রলার। প্রবল ঝড়বৃষ্টির দাপটে সমুদ্রে তা ডুবে যায়। প্রায় ১০০ টি বাংলাদেশি ট্রলার দুর্ঘটনার মুখে পড়েছিল বলে জানা যাচ্ছে। ট্রলারে থাকা ১১ জন বাংলাদেশি মৎস্যজীবী উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে চলে আসে ভারতীয় জলসীমায়। শনিবার দুর্যোগের কারণে সমুদ্রে গিয়েও ফিরে আসছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ও পাথরপ্রতিমা এবং দিঘার মৎস্যজীবীরা। তখন বাংলাদেশি মৎস্যজীবীদের ভারতীয় জলসীমার মধ্যে দেখতে পান ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়বৃষ্টিতে পড়া তিনটি মাছধরা ট্রলারে ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। গভীর সমুদ্রে দুটি টলার ঝড়ে উল্টে যায়। একটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়া এয়ারক্রাফট গভীর সমুদ্রে আকাশ থেকে নজরদারি চালাচ্ছে প্রতিনিয়ত। উপকূল রক্ষী বাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ আইসিজিএস আনমোল এবং আই সিজিএস ভারত অনুসন্ধানের কাজের নিযুক্ত রয়েছে। সমুদ্রে ভেসে থাকা মৎস্যজীবীদের জাহাজ থেকে দড়ির মাধ্যমে একে একে তুলে আনা হয়েছে জাহাজে। সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকারী মৎস্যজীবীদের তুলে দেওয়া হয়েছে প্রশাসনের হাতে। দুই দেশের যৌথ আলোচনার মাধ্যমেই তাদেরকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

About Post Author