Home » নয়া উদ্যোগ উত্তরাখণ্ড সরকারের

নয়া উদ্যোগ উত্তরাখণ্ড সরকারের

সময় কলকাতা ডেস্কঃ পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ গড়ে তুলতে নয়া উদ্যোগ নিল উত্তরাখণ্ড সরকার। কার্যত সেই কারণেই ‘স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম’ নামে একটি বিশেষ প্রকল্পের উদ্বোধন করা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হাত ধরেই রবিবার এই উদ্যোগের সূচনা হয়। স্কুলে, বাড়িতে বা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কতটা জরুরি? তা বাচ্চাদের শেখানোর উদ্দ্যেশ্যেই মূলত এই কোর্স চালু করা হল উত্তরাখণ্ডের স্কুলগুলিতে।

জানা গিয়েছে,উত্তরাখণ্ডের তেরোটি জেলার প্রায় তেরো হাজার প্রাথমিক স্কুলে এই কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ছোটদের ধারণা এবং দৈনন্দিন আচরণে পরিবর্তন আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি আরও বলেন যে,শিশুর জন্মের পর থেকে ছ’বছর বয়স পর্যন্ত তাদের মানসিক ও শারীরিক বিকাশ খুব তাড়াতাড়ি হয়। তাই আগামী পঁচিশ বছর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ছোটরাই পঁচিশ বছর পর দেশের চালিকাশক্তি হয়ে উঠবে।

২০২০ সালে জাতীয় শিক্ষানীতি প্রথম উত্তরাখণ্ডই প্রয়োগ করা হয়েছিল। এই নীতি রূপায়নের জন্য রাজ্যের ৪৪৭৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘বাল বাটিকা’ স্থাপন করা হয়েছে। এছাড়াও অনলাইন শিক্ষার মাধ্যমে পড়ুয়াদের উৎসাহিত করতে তেরোটি জেলার পাঁচশো স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। অন্যদিকে উচ্চশিক্ষায় বৈদিক বিজ্ঞান, বৈদিক গণিত এবং ভগবতগীতা থেকে শুরু করে ম্যানেজমেন্টের পাঠকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

About Post Author