সময় কলকাতা ডেস্কঃ গত একমাস ধরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রণবীর সিংয়ের। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ছবি। নগ্ন অবস্থায় একটি বিশেষ ম্যাগাজিনের ফটোশুট করেছিলেন তিনি। ওই ফটোশুটকে কেন্দ্র করে অভিনেতার বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর চেম্বুরের থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন সেই হাজিরাও এড়িয়ে গেলেন বলিউড অভিনেতা রণবীর সিং। জানা গিয়েছে, আপাতত আরও দু সপ্তাহ সময় চেয়েছেন রণবীর। রণবীর তাঁর আইনজীবী মারফত মুম্বই পুলিশকে একথা জানিয়েছেন।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই ২২ আগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল মুম্বই পুলিশ। সেই মামলাতেই এর আগে রণবীরের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায়। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছিলেন রণবীর। সে সব ছবিই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছিল কখনও তিনি শুয়ে আছেন,আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছিলেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছিল রণবীরকে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে